অনুশীলনে মেসি, আনচেলত্তির ছক

দক্ষিণ আমেরিকা (কনমেবল) অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। ব্রাজিলের এখনো নিশ্চিত হয়নি। তবে এবারের ফিফা উইন্ডোতে বিশ্বকাপ স্পট নিশ্চিত করে ফেলতে পারেন সেলেসাওরা। আর্জেন্টিনা ও ব্রাজিলসহ কনমেবল অঞ্চলের বাকি দলগুলো এই জুনের ফিফা উইন্ডোতে খেলবে বিশ্বকাপ বাছাই ম্যাচ। তবে আর্জেন্টিনা ও ব্রাজিলের ওপর বিশ্বের ফুটবলপ্রেমীদের থাকবে বাড়তি নজর। কারণ লিওনেল মেসি এর আগে গেল মার্চের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনার হয়ে ম্যাচ খেলেননি। তিনি ফিরেছেন জাতীয় দলে। আর ব্রাজিল শুরু করবে নতুন কোচ আনচেলত্তির অধীনে পথ চলা।

‘লিওনেল মেসি অনুশীলন সেন্টার’ দীর্ঘদিন পর পেল জাদুকরের পায়ের ছোঁয়া। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য আর্জেন্টিনা দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন লিওনেল মেসি। বুয়েনস আয়ার্স শহরটির বাইরে অনুশীলন সেন্টারে সোমবার যোগ দেন মেসি। বিশ্বকাপজয়ী নায়ক আর্জেন্টিনার জার্সিতে সবশেষ খেলেছিলেন গত নভেম্বরে। পেশির চোটের কারণে গত মার্চে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো খেলতে পারেননি। ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত ফর্ম ও ছন্দকে সঙ্গী করে জাতীয় দলে যোগ দিয়েছেন মেসি। ক্লাবের হয়ে শেষ দুই ম্যাচে তাকে দেখা গেছে চেনা রূপে। শেষ দুই ম্যাচে মেসি করেছেন দুটি করে গোল। সঙ্গে অ্যাসিস্টও আছে তিনটি।

বাংলাদেশ সময় আগামী শুক্রবার সকালে চিলির মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর ১১ জুন সকালে নিজেদের মাঠে কলম্বিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ১৪ ম্যাচে ১০ জয় আর ১ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের বাছাইয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা।

এদিকে কার্লো আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলে পুরোদমে কাজ শুরু করে দিয়েছেন। আগামী ৬ জুন ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে তার ব্রাজিলের কোচ হিসেবে অভিষেক হতে যাচ্ছে। তার আগে রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ রাফিনহা-ভিনিসিয়ুসদের সঙ্গে প্রথম অনুশীলন করেছেন। সাও পাওলোর করিন্থিয়ান্সের জোয়াকিম গ্রাভা ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয় এ অনুশীলন। মাঠে এসেই এই ইতালিয়ান কোচ ম্যানচেস্টার ইউনাইটেডের ক্যাসেমিরো এবং বার্সেলোনার রাফিনহার সঙ্গে একান্তে কথা বলেন। আলাদাভাবে কথা বলেন রিচার্লিসনের সঙ্গেও। এরপর সহকারীদের অধীনে খেলোয়াড়েরা ওয়ার্ম-আপ করেন। সেটিও পর্যবেক্ষণ করেন আনচেলত্তি। এদিন অবশ্য ব্রাজিল দলের সবাই অনুশীলনে ছিলেন না। ক্লাবের খেলা থাকায় ছিলেন না পালমেইরাস, ফ্ল্যামেঙ্গোর হয়ে খেলা এস্তেভাও, দানিলো, অ্যালেক্স স্যান্ড্রো, গারসন, লিও অর্টিজ। এছাড়া ইন্তার মিলানের কার্লোস অগাস্টো, পিএসজির হয়ে সদ্য চ্যাম্পিয়নস লিগ জয়ী মার্কিনহোস ও লুকাস বেরালদো।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল গত দুই যুগ ধরে বিশ্বকাপ জিততে পারেনি। চলতি বিশ্বকাপ বাছাইয়ে কনমেবল অঞ্চলে ২১ পয়েন্ট নিয়ে ব্রাজিল পয়েন্ট টেবিলের চারে আছে।