ফ্রেঞ্চ ওপেন নারী এককের সেমিফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হবেন শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা ও পঞ্চম বাছাই ইগা সোয়ানতেক। গতকাল কোয়ার্টার ফাইনালে সাবালেঙ্কা ৭-৬ (৭/৩), ৬-৩ গেমে হারিয়েছেন অষ্টম বাছাই কিনওয়েন ঝেংকে। আর সোয়ানতেক ৬-১, ৭-৫ গেমে হারান ১৩তম বাছাই ইলিনা ভিতোলিনাকে।
সোয়ানতেক রোঁলা গারোর বর্তমান চ্যাম্পিয়ন। গেল তিনবারই এই গ্র্যান্ড সø্যাম জিতেছেন তিনি। তবে পোলিশ এই তারকাকে এবার সেমিতেই পড়তে হচ্ছে কঠিন পরীক্ষায়। গেল বছরের অক্টোবরে সোয়ানতেককে পেছনে ফেলেই র্যাংকিংয়ের শীর্ষ উঠেছিলেন সাবালেঙ্কা। শীর্ষ বাছাই সাবালেঙ্কা গেলবার ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিলেন। এবার তার সামনে সুযোগ ফাইনালে খেলার। মুখোমুখি লড়াইয়ে অবশ্য সোয়ানতেক এগিয়ে। আটবার জিতেছেন সোয়ানতেক, চারবার সাবালেঙ্কা। তবে ২০২২ ইউএস ওপেনের সেমিফাইনালে পর এই প্রথম মেজর কোনো টুর্নামেন্টে মুখোমুখি হতে যাচ্ছেন তারা। সাবালেঙ্কাকে নিয়ে সোয়ানতেক বলেন, ‘আরিনা প্রতি সার্ফেসে খেলার জন্য আলাদাভাবে প্রস্তুতি নেয়। আমার নিজের ওপর ফোকাস রাখতে হবে। আমার কাজটা ঠিকমতো করতে হবে। শট খেলায় সাহসী থাকতে হবে। এটি কঠিন এক ম্যাচ হবে তবে আমি এই চ্যালেঞ্জ নিয়ে খুশি।’
আজ কোয়ার্টার ফাইনালের ম্যাচে মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিস ও কোকো গফ। আরেক কোয়ার্টারে ষষ্ঠ বাছাই মিরা আন্দ্রিভা মুখোমুখি হবেন অবাছাই লইস বইসনের।
এদিকে পুরুষ এককে কোয়ার্টার ফাইনালে ওঠার পথে দারুণ কীর্তি গড়েছেন নোভাক জকোভিচ। টেনিস ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ফরাসি ওপেনে ১০০ জয়ের মাইলফলক স্পর্শ করেছেন জকোভিচ। সোমবার তিনি প্রথমবার চতুর্থ রাউন্ডে ওঠা ব্রিটিশ খেলোয়াড় ক্যামেরন নরিকে ৬-২, ৬-৩, ৬-২ গেমে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন। এর আগে একজনই এমন ইতিহাস গড়তে পেরেছিলেন। তিনি হলেন রাফায়েল নাদাল। ক্লে কোর্টে ১১২ ম্যাচ জিতেছেন এই স্প্যানিশ কিংবদন্তি।