শরীয়তপুরের সদর উপজেলা যুবদলের সভাপতি রুহুল আমিন বেপারীর বাড়ির সামনে ককটেল (হাতবোমা) নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাত ১১টা ৪৯ মিনিটের সময় শরীয়তপুর পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের স্বর্ণঘোষ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রুহুল আমিন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করে আসছেন। বর্তমানে তিনি সদর উপজেলা যুবদলের সভাপতি। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে একদল দুর্বৃত্ত তার বাড়ির সামনে দুইটি ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ করে পালিয়ে যায়। এদিকে বোমা বিস্ফোরণের শব্দে বাড়ির লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে ককটেলের আলামত সংগ্রহ করে পুলিশ।
সিসি টিভি ফুটেজে দেখা যায়, পাঁচ সেকেন্ডের ব্যবধানে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থলে সাদা ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
এ বিষয়ে সদর উপজেলা যুবদলের সভাপতি রুহুল আমিন বেপারী বলেন, গত রাতে কে বা কারা যেন আমার বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনার পর আমার স্ত্রী ও তিন মেয়ে নিয়ে বেশ আতঙ্কে আছি। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।
তিনি বলেন, মঙ্গলবার শরীয়তপুরে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। এতে একপক্ষ এই কমিটির বিরোধিতা করে। আমি কমিটির পক্ষে থাকায় বিপক্ষ দল আমার বাড়ির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ ঘটাতে পারে বলে ধারণা করছি।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। সেখান থেকে বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করা হয়। অভিযোগের ভিত্তিতে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।