জামালপুরের ইসলামপুর উপজেলার আব্দুর রাজ্জাক মাস্টার স্মৃতি পাঠাগারের পাঠকদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বই উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান।
বুধবার (৪ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পাথর্শী ইউনিয়নের মলমগঞ্জ এলাকার আব্দুর রাজ্জাক মাস্টার স্মৃতি পাঠাগারকে বিভিন্ন প্রয়োজনীয় বই উপহার দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আব্দুর রাজ্জাক মাস্টার স্মৃতি পাঠাগারের সভাপতি আব্দুল ওয়াহাব, সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন এবং অর্থ সম্পাদক সোহেল আহসান বইগুলো গ্রহণ করেন। নজরুল রচনাবলী, শরৎ রচনাবলী, ধর্মীয়, বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের বইসহ আরো সময়োপযোগী বইও রয়েছে।
এ প্রাপ্তি প্রসঙ্গে পাঠাগারের সাধারণ সম্পাদক অধ্যাপক ছানোয়ার হোসেন বলেন, মফস্বলে এখন বইপড়ার পাঠকের সংখ্যা অনেক আছে। নানা সীমাবদ্ধতার কারণে পাঠকের চাহিদা অনুযায়ী আমরা তাদের প্রত্যাশিত বই হাতে তুলে দিতে পারি না। ইউএনও বই উপহার দেওয়ায় আমরা দারুণভাবে অনুপ্রাণিত হয়েছি।
এ প্রসঙ্গে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান বলেন, মানুষের মনের প্রকৃত বিকাশ ঘটে বই পড়ার মাধ্যমে। আর বই পড়ার অভ্যাস গড়ে ওঠে পাঠাগারের মাধ্যমে। ইসলামপুর উপজেলায় খুব বেশি পাঠাগার নেই। তার মধ্যে যে কয়টি পাঠাগার খুব ভালো কাজ করে যাচ্ছে তার মধ্যে আব্দুর রাজ্জাক মাস্টার স্মৃতি পাঠাগারটি অন্যতম। এই পাঠাগারের মাধ্যমে নিয়মিত বই পড়ে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা বই দিয়েছি, যাতে পাঠক তাদের বইয়ের চাহিদা পূরণ করতে পারে। ভবিষ্যতেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।