১৮ বছর চেষ্টার পর আইপিএলের শিরোপা জিতে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ক্যারিয়ারের শেষপ্রান্তে এসে আইপিএল শিরোপার স্বাদ পেলেন বিরাট কোহলি। সামনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ফেবারিট অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ফাইনাল জিতে কি ‘চোকার্স’ অপবাদ ঘুচাতে পারবে দক্ষিণ আফ্রিকা?
ক্রিকেটের পাশাপাশি ফুটবল দুনিয়াতেও ইদানিং নতুন কিছু ঘটে চলেছে। যেমন, চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে পিএসজি। ক্লাব ফুটবলে প্রথমবার কোনো শিরোপা জিতেছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। টটেনহ্যাম হটস্পার ইউরোপা লিগ জিতেছে ১৭ বছর পর। ইউরোপিয়ান ট্রফি জিতেছে তারা ৪১ বছর পর। ১২০ বছরের ইতিহাসে প্রথম ট্রফি জিতেছে ক্রিস্টাল প্যালেস। ৭০ বছর পর প্রথম বড় শিরোপা জিতেছে নিউক্যাসল ইউনাইটেড।
অনেকেরই যখন অপূর্ণতা ঘুচছে, তখন দক্ষিণ আফ্রিকার কেন নয়? ১৯৯৮ সালে আইসিসি নকআউট বিশ্বকাপের (এখনকার চ্যাম্পিয়ন্স ট্রফি) প্রথম আসর জয় ছাড়া এখনও পর্যন্ত কোনো বৈশ্বিক ট্রফি জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। পুরো আসরে দাপট দেখিয়ে নক-আউটে গেলেই তাদের যেন কী হয়ে যায়। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালেও ভারতের কাছে বিস্ময়করভাবে হেরে গেছে।
আগামী ১১ জুন থেকে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরুর আগে প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম আবারও শোনালেন আশার বাণী, ‘অন্য ইভেন্টগুলো নিয়ে আমাদের মধ্যে খুব বেশি আলোচনা হচ্ছে না খুব বেশি আলোচনা হচ্ছে না। তবে আশা করি, (অপূর্ণতা ঘোচানোর) এই ধারা যেন অব্যাহত থাকে। দল হিসেবে অনেক বছর ধরেই আমরা আইসিসি ট্রফির পেছনে ছুটছি।’
মার্করাম আরও বলেন, ‘সব সংস্করণেই আমরা উন্নতি করেছি। দলের সবাইকে নিজেদের সেরা স্কিল মেলে ধরতে হবে। ম্যাচটি অনেক কঠিন হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ, ডিউক বলে খেলা। অনেক ব্যপার আছে। তবে দিনশেষে আমাদের ছেলেদের স্কিল আছে। এই স্কিল দিয়েই ওরা দলে এসেছে। স্কিল দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপের পুরো চক্রে পারফর্ম করেছে।’