ঈদের দিন ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

আগামী শনিবার (৭ জুন) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এদিন চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দেশের তাপমাত্রা সামান্য বাড়ারও পূর্বাভাস দেওয়া হয়েছে।  

আজ বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর কম সক্রিয় রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে এর অবস্থান দুর্বল থেকে মাঝারি পর্যায়ে। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।  

ঈদের দিন শনিবার চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।  

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, রবিবার ও সোমবার (৮ ও ৯ জুন) চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বজ্রবৃষ্টি হতে পারে। তবে পরবর্তী পাঁচ দিনে সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।  

তাপমাত্রা সম্পর্কে বলা হয়েছে, বৃহস্পতিবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। শুক্রবার ও শনিবার তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রোববার তাপমাত্রা স্থিতিশীল থাকলেও সোমবার আবারও বাড়তে পারে। তবে পরবর্তী পাঁচ দিনে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।