গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঈদে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল এক দম্পতির। বৃহস্পতিবার (৫ জুন) রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার চাপড়ীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দম্পতি হলেন মো. আনোয়ার হোসেন (৩৮) ও তার স্ত্রী শারমিন বেগম (৩৩)। তাদের বাড়ি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার শিলকুরী গ্রামে। নিহত দম্পতি পোশাক কারখানায় কাজ করতেন।
স্থানীয়রা জানান, আনোয়ার হোসেন ও তার স্ত্রী ঈদের ছুটিতে ঢাকা থেকে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি ফিরছিলেন। গোবিন্দগঞ্জ উপজেলার চাপড়ীগঞ্জ এলাকায় পৌঁছালে সড়কে দেওয়া বিটের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকের চাকার নিচে পড়ে যায়। এসময় ট্রাকটি তাদের দুইজনকেই চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন। ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা ট্রাকটি আটক করে। পরে তারা ঢাকা-রংপুর গোবিন্দগঞ্জ এলাকায় অন্তত ৪০ মিনিট সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। এসময় সড়কের দুই পাশে ব্যাপক যানযটের সৃষ্টি হলে চরম ভোগান্তিতে পড়েন ঈদযাত্রীরা।
স্থানীয়দের অভিযোগ, গত এক সপ্তাহে ওই স্থানে অন্তত ১৫ টির বেশি দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল থেকে রাত ১০ টা পর্যন্ত অন্তত ৫ টি দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি সংশ্লিষ্টদের জানালেও ওই এলাকায় দুর্ঘটনা এড়াতে কোনো উদ্যোগ নেইনি পুলিশ প্রশাসন।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, ‘নিহতদের পরিবারের কাছে সংবাদ পাঠানো হয়েছে। স্বজনরা আসলে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ট্রাকটি আটক করে থানায় নেওয়া হয়েছে।’