কোরবানির বর্জ্য অপসারণে ঢাকায় প্রস্তুত দুই সিটি করপোরেশন

পবিত্র ঈদুল আজহায় ঢাকার দুই সিটি করপোরেশন কোরবানির পশুর বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে সরিয়ে নেওয়ার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এ কাজে নিয়োজিত থাকবে প্রায় ২০ হাজার ২৬৭ পরিচ্ছন্নতাকর্মী। ইতোমধ্যে তাদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।

দ্রুত ও নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণে দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রায় ১৩ লাখ ৯০ হাজার প্লাস্টিক, পলিব্যাগ ও বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হয়েছে। এছাড়া হটলাইন চালু রাখা হবে যাতে নাগরিকরা যেকোনো সময় বর্জ্য সংক্রান্ত তথ্য দিতে ও নিতে পারেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঈদের দিন বিকেল ৩টা থেকে আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করবেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকরা। ধারণা করা হচ্ছে, এ বছর ঢাকায় প্রায় সাত লাখ পশু কোরবানি হতে পারে, যার ফলে অর্ধ লাখ টনের বেশি বর্জ্য উৎপন্ন হবে।

দক্ষিণ সিটি করপোরেশনের প্রস্তুতি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া জানান, কোরবানির হাট ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম তদারকির জন্য উচ্চপর্যায়ের একটি তদারকি পরিষদ গঠন করা হয়েছে। পরিচ্ছন্নতা, পরিবহন ও যান্ত্রিক বিভাগসহ সংশ্লিষ্ট সব বিভাগের কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

ডিএসসিসি জানিয়েছে, তাদের নিজস্ব পরিবহন বহরে রয়েছে ২০৭টি ডাম্প ট্রাক, ২০০টি মিনি ট্রাক, ৪৪টি কম্পেক্টর, ৩৯টি কন্টেইনার ক্যারিয়ার, ১৬টি পে-লোডার, ৫টি টায়ার ডোজার, ৯টি পানির গাড়ি, ২টি বুলডোজার, ৪টি এক্সকেভেটর, ৩টি এয়ার কমপ্রেসার, ২টি ফর্ক লিফ্ট ও ৩টি স্কিড লোডার। এছাড়া ওয়ার্ডভিত্তিক পর্যাপ্ত হাতগাড়ি, বেলচা ও টুকরি সরবরাহ করা হয়েছে।

ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনায় থাকবেন নিজস্ব ৫ হাজার ৯৫৩ কর্মী, ৭৫টি ওয়ার্ডে নিয়োজিত ৪ হাজার ৭০০ পরিচ্ছন্নতাকর্মী ও হাট এলাকায় কাজ করবেন অতিরিক্ত ১ হাজার ৮০০ জন। এ ছাড়া রাস্তাঘাট পরিষ্কারের জন্য ২২২ গ্যালন স্যাভলন ও ৪০ টন ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে।

কোরবানি প্রদানকারীদের মধ্যে এক লাখ ৪০ হাজার বায়োডিগ্রেডেবল ব্যাগ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। পাশাপাশি পশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সেবায় প্রতিটি হাটে একটি করে মেডিকেল টিম গঠন করা হয়েছে, যাদের কাজ মঙ্গলবার থেকেই শুরু হয়েছে।

বর্জ্য সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ডিএসসিসি চালু করেছে হটলাইন: ০১৭০৯-৯০০৮৮৮ ও ০২২২৩৩৮৬০১৪।

উত্তর সিটি করপোরেশনের প্রস্তুতি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, তাদের এলাকায় এবার প্রায় ২০ হাজার টন বর্জ্য তৈরি হতে পারে। এ বর্জ্য দ্রুত অপসারণে তিন দিনব্যাপী কাজ করবে প্রায় ১০ হাজার কর্মী।

এ কাজে ব্যবহৃত হবে ২২৪টি ডাম্প ট্রাক, ৩৮১টি পিকআপ, ২৪টি পে-লোডারসহ প্রয়োজনীয় যান ও যন্ত্রপাতি। সচেতনতা বাড়াতে প্রতিটি ওয়ার্ডে মাইকিং করা হচ্ছে এবং মসজিদের ইমামদের মাধ্যমে মুসল্লিদের উৎসাহিত করা হচ্ছে কোরবানির সঠিক পদ্ধতি ও বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে।

ডিএনসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, ১২ লাখ ৫০ হাজার পলি ব্যাগ, আড়াই হাজার বস্তা ব্লিচিং পাউডার ও ৪ হাজার ক্যান স্যাভলন বিতরণ করা হয়েছে। আমিন বাজার ল্যান্ডফিলে বর্জ্য ডাম্পিংয়ের জন্য আলাদা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে এবং পরিবেশসম্মত ব্যবস্থাপনায় ২টি পরিখা খনন করা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনার তদারকিতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে গঠিত হয়েছে বিশেষ মনিটরিং টিম।

প্রথমে এসটিএসে বর্জ্য এনে সেখান থেকে আমিন বাজার ল্যান্ডফিলে পাঠানো হবে। এই কার্যক্রম ঈদের আগের দিন থেকে ঈদের পরবর্তী দুই দিন পর্যন্ত চলবে।

বর্জ্য অপসারণে নিয়োজিত থাকবে ড্রাম্প ট্রাক, খোলা ট্রাক, ভারী যন্ত্রপাতি, পানির গাড়ি ও ভাড়ায় নেওয়া পিকআপ। তদারকির জন্য গুলশান-২ এর প্লট ২৩-২৬, সড়ক ৪৬-এ নগর ভবনে একটি অস্থায়ী কেন্দ্রীয় কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। কন্ট্রোল রুমের নম্বর: +৮৮০২৫৫০৫২০৮৪, ১৬১০৬।