সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে মাইক্রোবাসের চালক সহ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (৬ জুন) বেলা ১২টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার দবিরগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘণ্টাব্যাপী মহাসড়কে প্রায় ১ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন, হাটিকুমরুল হাইওয়ে থানার (এএসআই) মো. কিশোর।
হাটিকুমরুল হাইওয়ে থানার (এএসআই) মো. কিশোর বলেন, ঢাকা থেকে চাপাইনবাবগঞ্জগামী বাসটি ঘটনাস্থলে পৌঁছলে রাজশাহী থেকে ঢাকাগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ঘ হয়। এতে উভয় যানবাহনের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। মাইক্রোবাসে চালক একাই ছিলেন। তার অবস্থা আশঙ্কাজনক। আহত বাসযাত্রীদের স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় মাইক্রোবাসের চালক সহ কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। তাৎক্ষনিক তাদের নাম পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে এএসআই কিশোর আরো বলেন, খবর পেয়ে দুপুর ১টার পর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। ক্ষতিগ্রস্ত যানবাহন দুটি মহাসড়কের ওপর থাকায় যানজট দেখা দিয়েছিল। তা উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় রাখা হয়েছে।