ইংল্যান্ড-ভারত সিরিজ এখন থেকে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) মিলে ইংল্যা্ন্ড ও ভারতের মধ্যকার সিরিজের নতুন করে নামকরণের সিদ্ধান্ত নিয়েছে। ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও ইংল্যান্ডের কিংবদন্তি জেমস অ্যান্ডারসনকে সম্মান জানিয়ে এই সিরিজকে এখন থেকে ডাকা হবে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি হিসেবে।

এতো দিন এই সিরিজ ইংল্যান্ডে হলে ডাকা হতো পাতৌদি ট্রফি নামে। আর ভারতে হলে অ্যান্থনি ডি মেলো ট্রফি। সিরিজের নামকরণের পাশাপাশি দারুণ এক সম্মান পেতে যাচ্ছেন দুই দেশের এই দুই কিংবদন্তি। আগামী ১১ জুন আইসিসির সবশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল মাঠে গড়াবে। লর্ডসের ফাইনালের আগে ট্রফি উন্মোচন করবেন টেন্ডুলকার ও অ্যান্ডারসন।

 আগামী ২০ জুন লিডসের হেডিংলি স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টটি মাঠে গড়াবে। এই সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। সিরিজটি দিয়ে ভারত ও ইংল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের যাত্রা শুরু করবে।