হামজা এবার পণ্যদূত

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা জাতীয় দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী। তার আগমনে দেশের ফুটবলে এসেছে নতুন প্রাণের সঞ্চার। এমন তারকাকে স্বাভাবিক ভাবেই নিজেদের পণ্য দূত করার জন্য উঠে পড়ে লাগবে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো। হয়েছেও তাই। শাহ্ সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন হামজা চৌধুরী।

এ উপলক্ষে সম্প্রতি একটি চুক্তি সাক্ষরিত হয়েছে দুই পক্ষের মধ্যে। এর পর হামজা বলেছেন, ‘বাংলাদেশের অগ্রযাত্রায় কাজ করে চলা দেশের নাম্বার ওয়ান সিমেন্ট ব্র্যান্ড শাহ সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমি যুক্ত হয়েছি। আশা করি এই পথচলা দারুণ হবে।’

ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটির ফুটবলার হামজার বাংলাদেশ দলের হয়ে অভিষেক হয় গত মার্চে, ভারতের বিপক্ষে।  গত ৪ জুন ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ঘরের মাঠে অভিষেক হয়েছে হামজার। পেয়েছেন লাল-সবুজ জার্সিতে প্রথম গোলের দেখাও।