অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ওপর হামলায় জড়িত আব্দুস সালাম সুমন (৪০) নামে সাবেক এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পিরোজপুরের নাজিরপুরের স্থানীয় জনতা। শুক্রবার (৬ জুন) বিকালে উপজেলার বৈঠাকাটা বাজারের একটি ওষুধের দোকান থেকে তাকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে।
আটক আব্দুস সালাম সুমন বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের বিশারকান্দি গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি ২০০৪-০৫ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি দায়িত্বে ছিলেন। বর্তমানে ওই বিশ্ববিদ্যালয়ে সেকশন অফিসার পদে চাকরিরত আটক সুমন।
স্থানীয় যুবদলনেতা ওয়ালীউল্লাহ রাইসুল ইসলাম জানান, আমরা বিশ্বস্থ সূত্রে জানতে পারি— ২০১১ সালে ঢাকায় সাদেক হোসেন খোকার ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা বৈঠাকাটা বাজারে এসেছে। আমরা স্থানীয় জনতাকে সঙ্গে নিয়ে তাকে আটক করে বৈঠাকাটা পুলিশ ফাঁড়িতে সোপর্দ করি। হামলাকালীন সময়ের পত্রিকার ছবি দেখে তাকে শনাক্ত করা হয়। তার বাড়ি আমাদের পার্শ্ববর্তী ইউনিয়নে হওয়ায় স্থানীয় জনগণ তাকে ভালোভাবেই চিনতো।
উল্লেখ্য, ২০১১ সালের ৪ ডিসেম্বর ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগে বিভক্ত করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বিএনপির ডাকা হরতাল চলাকালে পুলিশ হেফাজতে থাকা তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকার ওপর কিছু দুষ্কৃতকারী হামলা চালায়। তখন পুরান ঢাকার ধোলাইখাল এলাকা থেকে সাদেক হোসেন খোকাকে গোয়েন্দা পুলিশের প্রধান কার্যালয়ে নেওয়া হচ্ছিল।
সেই হামলায় সাবেক ছাত্রলীগ নেতা আব্দুস সালাম সুমন সরাসরি জড়িত ছিল বলে স্থানীয়রা জানান। তখনকার আলোচিত সেই হামলার ছবিসহ খবর বিভিন্ন পত্রিকায় ছাপা হলে সেখানে সুমনকে স্পষ্ট দেখা যায়।
নাজিরপুর থানার ওসি মো. ফরিদ আল মাহমুদ ভূঁইয়া জানান, ২০১১ সালে ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ওপর হামলাকারী সাবেক ছাত্রলীগ নেতা আব্দুস সালাম সুমনকে স্থানীয় উত্তেজিত জনতা আটক করে বৈঠাকাটা পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে। আমরা তাকে নাজিরপুর থানা পুলিশের হেফাজতে এনে নাজিরপুর থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছি।