তাড়াশে ঝড়ের কবলে পড়ে শিক্ষক নিহত 

সিরাজগঞ্জের তাড়াশে ঝড়ের সময় বাড়ি যাবার পথে গাছের ডাল ভেঙ্গে চাপা পড়ে আরশেদুল ইসলাম রিন্টু (৫৪) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার (৬ জুন) রাত সাড়ে ৯ টার দিকে তাড়াশ উপজেলার সোনা পাতিল গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত শিক্ষক সোনা পাতিল গ্রামের  মৃত আজগর আলী আকন্দের ছেলে ও সোনাপাতিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে ঝড় ও বৃষ্টি শুরু হয়। ওই শিক্ষক ঝড়কে  উপেক্ষা করে তাড়াশ সদর থেকে মোটরসাইকেল যোগে তাড়াশ সলঙ্গা আঞ্চলিক সড়ক ধরে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় সোনাপাতিল ব্রিজের কাছে পৌঁছালে ঝড়ে একটি ইউক্যালিপটাস গাছের ডাল মাথার উপর ভেঙ্গে পড়ে।  এতে তিনি  ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াশ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আপেল মাহমুদ বলেন, ‘ঈদ উৎসবের একদিন আগে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদেরকে হতবাক করেছে। আমরা তার পারলৌকিক শান্তি কামনা করছি।’