ঈদের নামাজে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

বগুড়ার শাজাহানপুরে ঈদের নামাজ আদায় করতে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার সকালে শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম। 

নিহতরা হলেন শাজাহানপুর উপজেলার বামুনিয়া মণ্ডলপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে চাঁন মিয়া এবং তার চার বছরের ছেলে আব্দুল্লাহ।  

স্থানীয়দের বরাতে আজিজুল ইসলাম বলেন, ঈদের নামাজ পড়ার জন্য চাঁন মিয়া ও তার ছেলে আব্দুল্লাহ বাড়ি থেকে বের হন। এসময় তারা দুজনেই নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের ডিভাইডার লাফিয়ে পার হন। পরে রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।
 
শেরপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।