সিরাজগঞ্জের তাড়াশে ঈদুল আজহার আগের রাতে এক দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। এ সময় সশস্ত্র ডাকাত দল রাতে সাবেক চেয়ারম্যানের বাড়িতে হানা দিয়ে নগদ ২ লাখ টাকা, ২০ ভরি স্বর্ণালংকার, ৬০ ভরি রৌপ্য অলঙ্কার, জমির দলিল পত্র ও কাপড় ডাকাতি করে নিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে উপজেলার দেশী গ্রাম ইউনিয়নের মাঝদক্ষিনা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম খলিলুর রহমান তালুকদারের বাড়িতে। এ সময় ঈদুল আযহা পালন করতে সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লায়লা খলিল ঢাকায় অবস্থানরত দুই মেয়ের কাছে যান।
লায়লা খলিল জানান, স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি সাধারণত একাই এই বাড়িতেই অবস্থান করেন। দু মেয়ে ঢাকায় কর্মসূত্রে থাকেন।
গত (৬ জুন) মেয়েরা ঈদ করতে বাড়ি তালা দিয়ে আমি ঢাকায় আসি। শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে একটি সশস্ত্র ডাকাত দল ঘরের দরজা ও জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এরপর তারা লুটপাট চালায়। এ সময় তার বাড়িতে রাখা নগদ ২ লাখ টাকা, ২০ ভরি স্বর্ণালংকার, ৬০ ভরি রৌপ্য অলংকার, জমির কাগজপত্র ও জামা কাপড় ডাকাতি করে নিয়ে যায়।
এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ( ওসি) মো. জিয়াউর রহমান বলেন, এটা ডাকাতি নয় চুরি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।