বুড়ো বয়সে জাতীয় দলে ফিরেই ম্যাচসেরা ডসন

প্রায় তিন বছর তিনি জাতীয় দলের আশেপাশেও ছিলেন না। সেই লিয়াম ডসন ৩৫ বছর বয়সে এসে নতুন করে জাতীয় দলে ফিরেই জিতে নিলেন ম্যাচসেরার পুরস্কার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ২০ রানে ৪ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। সাবেক অধিনায়ক জস বাটলারের বিস্ফোরক ইনিংসে ম্যাচটি ২১ রানে জিতেছে ইংল্যান্ড।

চেস্টার লিতে আগে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৬ উইকেটে ১৮৮ রান তোলে। এই ১৮৮ রানের ৯৬ রানই এসেছে বাটলারের ব্যাট থেকে। তার ৫৯ বলের ইনিংসে ছিল ৬টি চার এবং ৪টি ছক্কা। আলঝারি জোসেফের বলে এলবিডাব্লিউ হন বাটলার; রিভিউ নিয়েও ফেঁসে যান ‘আম্পায়ার্স কলে’। এছাড়া ওপেনার জেমি স্মিথ ২০ বলে ৩৮ আর মিডল অর্ডারে জ্যাকব বেথেল ২৩ ৩বলে ২৩* রান করেন।

রান তাড়ায় নেমে লিয়াম ডসনের তোপের মুখে পড়ে ক্যারিবিয়ানরা। ক্যারিয়ারে আগের ১১ টি-টোয়েন্টিতে ডসনের উইকেট ছিল মোট ৬টি। এই ম্যাচে তার প্রাপ্তি ৪ ওভারে মাত্র ২০ রানে ৪ উইকেট। ২০ ওভারে ৯ উইকেটে ১৬৭ রানের বেশি তুলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। এভিন লুইস ৩৯ আর রোস্টন চেজের ২০ রান ছাড়া আর কেউ বিশের ঘরেও যেতে পারেননি। ম্যাচসেরা হয়েছেন লিয়াম ডসন।