জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, প্রধান উপদেষ্টা এপ্রিলে যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন, তা ইতিবাচক। তবে, তার আগে জুলাই সনদ এবং ঘোষণাপত্র অবশ্যই দিতে হবে, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
আজ শনিবার সকালে নিজ এলাকা কুমিল্লার দেবিদ্বারে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করার সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই আন্দোলনের শহীদরা দেশ গড়ার জন্য জীবন দিয়েছে। তাই দেশ গড়ার দায়িত্ব আমাদের আছে। দেশ গড়ার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আজকে শহীদ রুবেল ও সাব্বিরের পরিবারের যে পরিস্থিতি সে জায়গায় আমরাও থাকতে পারতাম। এই দেশ গড়ার মধ্য দিয়ে যেন শহীদদের রক্তের দায় আমরা দিতে পারি।
জানা গেছে, জুলাই শহীদ পরিবারের জন্য তিনটি গরু কোরবানি করেছেন হাসনাত আবদুল্লাহ। পরে বৃষ্টির মধ্যে শহীদ রুবেল ও সাব্বিরের পরিবারের জন্য তিনি কোরবানির মাংস নিয়ে যান। এ সময় শহীদ পরিবারের খোঁজ খবর নেন তিনি।