দাবি রুশ আইনপ্রণেতার

যুক্তরাষ্ট্র বিতাড়িত করলে মাস্ককে আশ্রয় দেবে রাশিয়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্কের বিরোধ এখন চরমে। এ আগুনে ঘি ঢেলেছেন হোয়াইট হাউসের সাবেক প্রধান কৌশলবিদ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র স্টিভ ব্যানন। তিনি মাস্ককে যুক্তরাষ্ট্র থেকে অবিলম্বে বহিষ্কার করা উচিত বলে মন্তব্য করেন।

ব্যাননের এমন মন্তব্যের পর ইলন মাস্ক চাইলে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় নিতে পারেন বলে জানিয়েছেন দেশটির স্টেট ডুমার আন্তর্জাতিক বিষয়ক কমিটির (রাশিয়ান ফেডারেশনের কমিউনিস্ট পার্টি) ফার্স্ট ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি নভিকভ।

এক বিবৃতিতে তিনি বলেন, ইলন মাস্ক রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন। এডওয়ার্ড স্নোডেনের মতো রাশিয়া মাস্ককে আশ্রয় দিতে প্রস্তুত কিনা এমন প্রশ্নের জবাবে নোভিকভ বলেন, ‘আমি মনে করি মাস্কের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। তার কোনো রাজনৈতিক আশ্রয়ের প্রয়োজন হবে না, যদিও তিনি তা করেন তবে রাশিয়া অবশ্যই নাগরিকত্ব দিতে পারে।’

এ বিষয়ে শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। পেসকভ বলেন, ‘এটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় এবং আমরা এতে হস্তক্ষেপ করতে চাই না।’

উল্লেখ্য, এর আগে মার্কিন গোপন তথ্য ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেন এবং ব্রিটিশ ব্লগার গ্রাহাম ফিলিপসকে আশ্রয় দিয়েছে রাশিয়া।