নোয়াখালীতে ঈদুল আজহা উপলক্ষে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা তদারকি ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদের নামাজ শেষে নোয়াখালীর বিভিন্ন থানা ও ফাঁড়িতে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. আব্দুল্লাহ্-আল-ফারুক।
এ ছাড়া পুলিশ লাইন্স এ অফিসার্স ও সকল পুলিশ স্টাফদের সম্মানে বড় খানা ব্যানারে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
জেলা পুলিশ সুপার মো. আব্দুল্লাহ্-আল-ফারুক পবিত্র ঈদুল আজহাকে আনন্দঘন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে বলেন, ত্যাগ, ধৈর্য ও আত্মনিয়োগের মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রথম দায়িত্ব। পুলিশ সদস্যরা নিজেদের ঈদের আনন্দ ত্যাগ করে সাধারণ মানুষের নিরাপত্তায় কাজ করে যাচ্ছেন।
তিনি সকল পুলিশ সদস্যকে সতর্ক ও সজাগ থাকার নির্দেশনা দেন এবং ঈদ উদযাপনের পরিবেশ সমুন্নত রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. ইব্রাহিমসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।