সালথায় ঈদের দিন সকালে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুরের সালথায় ঈদুল আজহার দিনে আকাশ মোল্লা (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সালথা থানা পুলিশ। শনিবার (৭ জুন) সকাল ১০টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের কাউলিকান্দা মোল্লার মোড় নামক জিকা গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। আকাশ মোল্লা উপজেলার সোনাপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের মৃত হারুন মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আকাশের মা দীর্ঘ ১৫ বছর যাবৎ ফরিদপুর সদরের তালতলা এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। গতকাল (৬ জুন) শুক্রবার রাত ১১টার দিকে ওই বাসা থেকে অজ্ঞাত কারণে বের হন আকাশ। পরে শনিবার ঈদের দিন সালথার কাউলিকান্দা মোল্লার মোড় মেইন সড়কের পশ্চিম পাশে একটি জিকা গাছের সঙ্গে লাইলনের রশি পেঁচানো অবস্থায় আকাশের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

পরিবার সূত্রে জানা যায়, আকাশ মাদকাসক্ত হওয়ায় দীর্ঘদিন ফরিদপুর রিহ্যাব সেন্টারে থেকে চিকিৎসা নিয়েছেন। গত তিন মাস পূর্বে বের হযন। গতকাল রাতে ভাড়া বাসা থেকে অজ্ঞাত কারণে বের হওয়ার পর ঘটনাটি ঘটেছে।

সালথা থানার পরিদর্শক (তদন্ত) মারুফ হাসান রাসেল বলেন, খবর পেয়ে যুবকের মরদেহ উদ্ধার করেছে সালথা থানা পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।