ফরিদপুরের সালথা উপজেলায় একটি ব্যাটারিচালিত অটো আটক করাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এ সময় বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট করা হয়।
উপজেলার গট্টি ইউনিয়নের কয়েকটি এলাকায় রবিবার রাত ১০টা থেকে শুরু হয়ে রাত ২টা পর্যন্ত এ সংঘর্ষ চলে।
জানা যায়, উপজেলার গট্টি ইউনিয়নের মাদ্রাসা মোড় নামক এলাকা থেকে শুরু হওয়া এই সংঘর্ষ পরে কানাইড়, চালতা তলা ব্রিজ ও ঝুঁনাখালী এলাকায় ছড়িয়ে পড়ে। এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয়রা জানায়, উপজেলার গট্টি ইউনিয়নের ইউপি সদস্য নুরু মাতুব্বর নামের এক ব্যক্তির লোকজন ওই এলাকার ইয়াকুব মাতুব্বর নামের অপর এক ব্যক্তির সমর্থকের একটি ব্যাটারিচালিত অটো আটক করে। পরে এ ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।
রাত ১০টা থেকে শুরু হওয়া এ সংঘর্ষ রাত ২টা পর্যন্ত একটানা চলে। এ সময় বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
সালথা থানার ওসি মো. আসিকুজ্জামান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে। আপাতত পরিবেশ শান্ত রয়েছে। তবে সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
