হল অব ফেমে ধোনির সঙ্গী পাকিস্তানের প্রথম নারী ক্রিকেটার

আইসিসির হল অব ফেমে নতুন করে সাতজন ক্রিকেটারকে অন্তর্ভূক্ত করা হয়েছে। তারা হলেন- ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন, নিউজিল্যান্ডের সাবেক স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি, দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ও গ্রায়েম স্মিথ, ইংল্যান্ডের নারী ক্রিকেটার সারা টেলর ও পাকিস্তানের সাবেক অধিনায়ক সানা মীর। গতকাল লন্ডনের অ্যাবে রোড স্টুডিওতে এক অনুষ্ঠানে আইসিসিপ্রধান জয় শাহ এই ক্রিকেটারদের নাম ঘোষণা করেন।

ভারতকে দুটি বিশ্বকাপসহ তিনটি আইসিসি ট্রফি উপহার দেওয়া মহেন্দ্র সিং ধোনি হল অব ফেমে জায়গা করে নেওয়ার অনুভূতি জানিয়ে বলেন, ‘আইসিসি হল অব ফেমে অন্তর্ভুক্ত হওয়া একটি বড় সম্মান। এটি বিশ্বজুড়ে বিভিন্ন প্রজন্মের ক্রিকেটারদের অবদানের স্বীকৃতি। কিংবদন্তি ক্রিকেটারদের পাশে নিজের নাম থাকা এক অসাধারণ অনুভূতি। এটি এমন এক অর্জন, যা আমি সারা জীবন লালন করব।’

সানা মীর পাকিস্তানের প্রথম নারী ক্রিকেটার হিসেবে এ সম্মানে ভূষিত হলেন। জাতীয় দলকে ৭২টি ওয়ানডেতে এবং ৬৫ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেওয়া সানা মির বলেছেন, ‘শৈশবে স্বপ্ন দেখতাম, একদিন আমাদের দেশে একটি নারী ক্রিকেট দল থাকবে। আর আজ আমি এখানে দাঁড়িয়ে আছি। সেই সব কিংবদন্তির পাশে আমাকে রাখা হয়েছে, আমি ব্যাট বা বল হাতে নেওয়ার অনেক আগে থেকে যাদের আদর্শ মনে করতাম। এই সম্মান পেয়ে আমি গভীরভাবে কৃতজ্ঞ।’

অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথু হেইডেন আগ্রাসী ও বিধ্বংসী ব্যাটিং স্টাইলের কারণে বেশ পরিচিত ছিলেন। জিতেছেন ২০০৩ এবং ২০০৭ ওয়ানডে বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং স্তম্ভ হাশিম আমলা দেশের হয়ে টেস্টে প্রথম ট্রিপল সেঞ্চুরি করেছিলেন। তিন সংস্করণ মিলিয়ে তার সেঞ্চুরির সংখ্যা ৫৫। অন্যদিকে মাত্র ২২ বছর বয়সে অধিনায়ক হয়েছিলেন গ্রায়েম স্মিথ। ১০৯ টেস্টে দলকে নেতৃত্ব দিয়ে ৫৩টিতে এনে দিয়েছেন জয়। ১৫০টি ওয়ানডেতেও তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন।

সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি সেই তিন ক্রিকেটারের একজন, যারা টেস্টে ৪ হাজার রান করার পাশাপাশি ৩০০ উইকেটও নিয়েছেন। ইংল্যান্ডের কিংবদন্তি নারী ক্রিকেটার সারাহ টেলর ২০০৯ সালে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম সেনানী ছিলেন। ২০১৭ সালে ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলেন তিনি। কিপার হিসেবে ২৩২টি ডিসমিসাল নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে।