বাংলাদেশের অনেক আরাধ্য ফুটবল ম্যাচ আজ

এই ম্যাচের জন্য অপেক্ষা করে আছে দেশের অসংখ্য ফুটবলপ্রেমী। প্রবাসী ফুটবলাররা এসে গেছেন। তাদের ঘিরেই নতুন করে স্বপ্ন দেখছে বাংলাদেশের ফুটবল। রাজধানীর জাতীয় স্টেডিয়ামে এশিয়া কাপ বাছাইয়ে আজ সন্ধ্যা ৭টায় সিঙ্গাপুরের মুখোমুখি হতে যাচ্ছে জামাল ভূঁইয়ার দল। এই ম্যাচ জিতলে অর্জন হবে অনেক কিছুই।

বাছাইপর্বে ‘সি’ গ্রুপের টেবিলে চার দল বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর ও হংকংয়ের ১ পয়েন্ট করে আছে। বাংলাদেশের সামনে তাই শীর্ষে ওঠার হাতছানি। একই দিনে হংকংয়ের মাঠে খেলবে ভারত। তাদের জন্যও আছে একই সম্ভাবনা। গ্রুপের চার দলের মধ্যে ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৮৩তম বাংলাদেশই সবচেয়ে পিছিয়ে। প্রতিপক্ষ সিঙ্গাপুর ১৬১তম। তবু হোম অ্যাডভান্টেজ আর প্রবাসীদের সৌজন্যে বাংলাদেশকেই ফেবারিট ধরা হচ্ছে।

ছয় প্রবাসী - শমিত সোম, ফাহামিদুল, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরি, তারেক কাজী ও কাজেম শাহ

গত মার্চে শিলংয়ে গোলশূন্য ড্র করে আত্মবিশ্বাসে ফুটছে বাংলাদেশ। অবশ্য পরিসংখ্যান বলছে, সিঙ্গাপুরের বিপক্ষে স্বীকৃত ম্যাচে বাংলাদেশের কোনো জয় নেই। ১৯৭৩ সালে মারদেকা কাপে ১-১ ড্র, ২০১৫ সালের দেখায় ২-১ গোলে হেরেছিল দল। এবার তাই প্রথম জয়ের সুযোগও আছে হামজা চৌধুরীদের সামনে। সম্প্রতি মালদ্বীপকে হারিয়ে ছয় ম্যাচ পর জয় পেয়েছে সিঙ্গাপুর। তাই তারাও চাইবে জয়ের ধারা বজায় রাখতে।

বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হলেই ১৯৮০ সালের পর প্রথমবার এশিয়ান কাপে জায়গা করে নিতে পারবে বাংলাদেশ। তবে কাজটা মোটেও সহজ নয়। আবার অসম্ভবও নয়। গ্রুপে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বীরা কেউই এশিয়ার পরাশক্তি নয়। টুর্নামেন্টে স্বাগতিক সৌদি আরবসহ ২৩টি দল অংশ নেবে। ইতোমধ্যেই ১৮টি দল চুড়ান্ত হয়ে গেছে। বাকি দলগুলোর মাঝে লাল-সবুজের দলও কি জায়গা করে নিতে পারবে?