শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। গত সোমবার দুপুরে শরীয়তপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়। পরে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন।
জেলা ছাত্রদল সূত্রে জানা যায়, গত ৩ জুন এইচএম জাকির হোসেনকে আহ্বায়ক ও সোহেল তালুকদারকে সদস্য সচিব করে জেলা ছাত্রদলের ৩৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। এর পর থেকেই আন্দোলনে নামেন ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা।
ছাত্রদলের একাংশের নেতা এবং আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক খান বাহাদুর আফজাল নূর বলেন, ‘এই কমিটি গঠনতন্ত্র লঙ্ঘন করে অছাত্র ও বিবাহিতদের দিয়ে গড়া যা ছাত্ররাজনীতির জন্য চরম অপমানজনক। তাই গঠনতন্ত্র পরিপন্থী এই অবৈধ কমিটি আমরা মানি না। অতি দ্রুত যোগ্য লোকদের দিয়ে পুনরায় কমিটি করা হোক। যতক্ষণ পর্যন্ত এই কমিটি বাতিল করা না হবে আমরা আন্দোলন চালিয়ে যাব।’
তবে নতুন কমিটির আহ্বায়ক এইচএম জাকির বলেন, ‘কেন্দ্রীয় কমিটি শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। কিন্তু কিছু দুষ্টলোক, যারা নিজেদের ছাত্রদল মনে করে, কিন্তু তারা ছাত্রদলের না। তারা আওয়ামী লীগের লোকজন সঙ্গে নিয়ে মিছিল করে শরীয়তপুর শহরটাকে অশান্ত করে তুলছে।’