রবীন্দ্র কাছারিবাড়িতে দর্শনার্থী প্রবেশে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত রবীন্দ্র কাছারিবাড়িতে দর্শনার্থীদের প্রবেশ অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১০ জুন) সকাল ১১টার দিকে একদল যুবক রবীন্দ্র কাছারিবাড়ির ভেতরে প্রবেশ করে অফিস কক্ষ ও অডিটোরিয়ামের দরজা-জানালা ভাঙচুর ও কর্মচারীদের ওপর হামলা চালিয়ে তাদের মারধর করে। এ ঘটনার পর বুধবার (১১ জুন) সকালে রবীন্দ্র কাছারিবাড়িতে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়।

এ বিষয়ে রবীন্দ্র কাছারিবাড়ির কাস্টোরিয়ান হাবিবুর রহমান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রবীন্দ্র কাছারিবাড়ি বন্ধ করা হয়েছে। রবীন্দ্র কাছারিবাড়িটি বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সরাসরি তত্ত্বাবধানে রয়েছে।

জানা যায়, শাহজাদপুর পৌর সদরের রূপপুর মহল্লার দুবাই প্রবাসী শাহনেওয়াজ ঈদের পরের দিন (৮ জুন) স্ত্রী ও এক ভাতিজাকে সঙ্গে নিয়ে রবীন্দ্র কাছারিবাড়ি পরিদর্শনে গিয়ে মোটরসাইকেল পার্কিং ফি নিয়ে মেইন গেটের এক কর্মচারীর সঙ্গে কথা কাটাকাটি ও দর্শনার্থীকে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা গত (১০ জুন) সকাল ১১টার দিকে শাহজাদপুর প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধন ও শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি রবীন্দ্র কাছারিবাড়ির সামনের সড়ক অতিক্রম করার সময় বিক্ষুব্ধরা যুবকেরা উত্তেজিত হয়ে কাছারিবাড়ির ভেতরে প্রবেশ করে অফিসকক্ষ ও অডিটোরিয়াম হামলা ও ভাঙচুর করে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারিবাড়িতে হামলা ভাঙচুরের ঘটনায় এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।