সুন্দরগঞ্জে আগাম নির্বাচনী প্রচারণায় সিন্টু

গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠে নেমেছেন বিএনপির প্রতিষ্ঠাকালীন উপজেলা সভাপতি ও পৌরসভার প্রথম প্রশাসক প্রয়াত আজিজার রহমান সরদারের ছেলে আরেফিন আজিজ সরদার সিন্টু। পিতার কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন তিনি।

বুধবার (১১ জুন) সকাল ১১টায় বাবার কবর জিয়ারতকালে সিন্টুর সঙ্গে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে তিনি উপজেলার বিভিন্ন মসজিদে অনুদান ও জনগণের সঙ্গে মতবিনিময় করেন।

প্রয়াত আজিজার রহমান সরদারের দুই ছেলের মধ্যে সিন্টু দ্বিতীয়। ছাত্রজীবনে তিনি ছাত্রদলের রাজনীতিতে জড়ান। পড়াশোনা শেষ করে সরকারি চাকরিতে যোগ দেন। পরবর্তীতে চাকরি ছাড়ার পর সমাজসেবায় সক্রিয় হন। তার স্ত্রী জেসমিন সরদার আউটসোর্সিংয়ে ক্যারিয়ার গড়ে স্থানীয় প্রায় দুই শতাধিক বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন।

এরই ধারাবাহিকতায় প্রায় দুই শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে সিন্টু কাপাসিয়া ইউনিয়নের ভাটি কাপাসিয়া খেয়াঘাট টোনগ্রাম জামে মসজিদ এবং শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর ফুল মিয়া বাজার পূর্ব চাপড়া জামে মসজিদে যান। প্রতিটি মসজিদে তিনি এক টন করে রড ও সিমেন্ট অনুদান দেন।

মসজিদে উপস্থিত মুসল্লিদের সঙ্গে মতবিনিময়কালে আরেফিন সরদার সিন্টু বলেন,  আমার বাবা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ সৈনিক। তিনিই উপজেলা বিএনপির প্রথম সভাপতি ও পৌরসভার প্রথম প্রশাসক ছিলেন। আমি তার সন্তান হিসেবে সেই আদর্শ অনুসরণ করছি। যদি বিএনপি আমাকে মনোনয়ন দেয় এবং আপনারা পাশে থাকেন, তাহলে সুন্দরগঞ্জকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করব।

তিনি আরও বলেন,  দল যদি অন্য কাউকে মনোনয়ন দেয়, তাহলেও আমি ঐক্যবদ্ধভাবে কাজ করব। ব্যক্তি নয়, দলই আমার কাছে বড়।