ঐতিহাসিক লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা আপাতত দিবাস্বপ্ন ছাড়া কিছুই না। দেশের মাটিতেও এখন যার তার কাছে হারছে নাজমুল হাসান শান্তর দল। শ্রীলঙ্কা সফরের আগে শান্ত সেই বাস্তবতাটাই মনে করিয়ে দিলেন।
আজ বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনেক বড় স্বপ্ন। এই মুহূর্তে সেটা দেখা বোকামি হবে। ছোটো পদক্ষেপ ফেলে এগিয়ে যেতে চাই। চ্যাম্পিয়নশিপের আগের চক্রে মাত্র এক ম্যাচ জিতেছিলাম। এই চক্রে বেশি জিতেছি। এভাবে হয়তো একদিন ফাইনালও যেতে পারি। আমাদের লক্ষ্য থাকবে সামনের চক্রে ভালো করা যায়।’
টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে নিজেদের লক্ষ্যের কথাও জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক, ‘গত চক্রে আমরা চারটা ম্যাচ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ৭ নম্বরে ছিলাম। এবার আমাদের লক্ষ্য থাকবে পয়েন্ট তালিকার ৪ কিংবা ৫ এ ওঠার।’
অধিনায়ক হিসেবেও সমালোচনার মুখোমুখি হয়েছেন শান্ত। ছেড়েছেন টি-টোয়েন্টির নেতৃত্ব। আজ তিনি আত্মপক্ষ সমর্থনে বলেন, ‘প্রত্যেকটা অধিনায়ককে লম্বা সময় দেওয়া উচিৎ। আমাকে আগে একটা লম্বা সময় দেওয়া হয়েছিল। এভাবেই কোনো একটা টুর্নামেন্টকে লক্ষ্য করে যদি দেওয়া হয় তাহলে অধিনায়কের পক্ষে পরিকল্পনা সাজাতে সুবিধা হয়। আমাকে টেস্টে আগামী এক বছর সময় দেয়া হয়েছে। বোর্ডের সঙ্গে সেটাই কথা হয়েছে। আমি আশা করি এটা যথেষ্ট।’