ম্যারাডোনার নাপোলিতে যোগ দিলেন ডি ব্রুইন

গুঞ্জন ছিল ইতালির ক্লাব নাপোলিতে যাচ্ছেন ডি ব্রুইন। সেটি যে নিশ্চিত হতে যাচ্ছে তা বোঝা গিয়েছিল একদিন আগেই। দল-বদল বিষয়ে নির্ভরযোগ্য খবর দেওয়া ফাব্রিজিও রোমানো জানিয়েছিলেন ডি ব্রুইনের নাপোলিতে যোগদানের খবর। আজ বৃহস্পতিবার নাপোলিতে পৌঁছে মেডিকেল টেস্ট সম্পূর্ণ করেছেন ডি ব্রুইন। ম্যানচেস্টার সিটি থেকে ফ্রি ট্রান্সফারে নাপোলিতে এসেছেন বেলজিয়ান এই অভিজ্ঞ মিডফিল্ডার।

এই মৌসুমে সিরি' আ চ্যাম্পিয়ন ক্লাবটিতে দুই বছরের চুক্তিতে এসেছেন ডি ব্রুইন। চাইলে চুক্তির মেয়াদ আরও একবছর বাড়াতে পারবেন, এমনই খবর। নাপোলি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ডি ব্রুইনের ক্লাবটিতে যোগ দেওয়ার কথা। তবে চুক্তি কত বছরের এসব এখনও জানায়নি তারা।

গেল ১০ বছরে ম্যানসিটির হয়ে ডি ব্রুইন খেলেছেন ৪২২ ম্যাচ। ক্লাবটির হয়ে ১০৮ গোলের সঙ্গে ১৭৭ অ্যাসিস্ট করেন ৩৩ বছরের ডি ব্রুইন। ইতিহাদে ১০ বছরের ক্যারিয়ারে সিটিকে ৬টি প্রিমিয়ার লিগ শিরোপা এবং ৫টি লিগ কাপ, ২টি এফএ কাপ ও ১টি চ্যাম্পিয়নস লিগসহ মোট ১৬টি শিরোপা জিতিয়েছেন।