লর্ডসে 'ছক্কা' মেরে টেস্টে ৩০০ উইকেট কামিন্সের

আপডেট : ১২ জুন ২০২৫, ০৮:৩১ পিএম

অস্ট্রেলিয়ার প্রথম ফাস্ট বোলার অধিনায়ক হিসেবে টেস্টে ৩০০ উইকেট শিকারের কীর্তি গড়লেন প্যাট কামিন্স। আজ লর্ডসে টেস্ট ফাইনালের দ্বিতীয় দিন ২৮ রানে ৬ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ১৩৮ রানে গুটিয়ে দেন তিনি। 

ইনিংসের ৫৮তম ওভারের প্রথম বলে কাগিসো রাবাদাকে আউট করে নিজের ৩০০তম শিকার পূর্ণ করেন কামিন্স। তার একটি বুক উচ্চতার শর্ট বলে পুল শট খেলেন রাবাদা। ডিপ স্কয়ার লেগে প্রথমে বলের লাইন মিস করলেও, শেষ মুহূর্তে দুর্দান্তভাবে সামনের দিকে ঝাঁপিয়ে পড়ে ক্যাচটি তালুবন্দী করেন ফিল্ডার ওয়েবস্টার। এই উইকেটের সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়ে অস্ট্রেলিয়ান শিবির। মাঠ ছাড়ার সময় দর্শকরা দাঁড়িয়ে অভিবাদন জানান অজি অধিনায়ককে।

কামিন্সের আগুনে বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। একটা সময় টেম্বা বাভুমা ও অভিষিক্ত টনি ডি জর্জি প্রতিরোধ গড়ে তুললেও, কামিন্সের আক্রমণে তা ভেঙে চুরমার হয়ে যায়। মাত্র ১২ রানের ব্যবধানে শেষ ৫ উইকেট হারিয়ে বসে প্রোটিয়ারা, যা তাদের প্রথম সেশনের ভালো শুরুকে ম্লান করে দেয়। গতকাল অস্ট্রেলিয়াও ২০ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং ধসের মুখে পড়েছিল। কিন্তু আজ কামিন্স যেন তার জবাব দিলেন আরও ভয়ংকরভাবে।

৭৪ রানের গুরুত্বপূর্ণ লিড পেয়েছে অস্ট্রেলিয়া, যা ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।

টেস্ট ক্রিকেটে দ্রুততম ৩০০ উইকেট শিকারিদের তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছেন কামিন্স। এই মাইলফলক স্পর্শ করতে তার লেগেছে ১৩,৭২৫টি বল।

টেস্ট ক্রিকেটে দ্রুততম ৩০০ উইকেট:
বোলার                 বল
কাগিসো রাবাদা     ১১,৮১৭
ওয়াকার ইউনুস     ১২,৬০২
ডেল স্টেইন          ১২,৬০৫
অ্যালান ডোনাল্ড     ১৩,৬৭২
প্যাট কামিন্স         ১৩,৭২৫
ম্যালকম মার্শাল     ১৩,৭২৮

×
সর্বশেষ সর্বাধিক পঠিত