চট্টগ্রামের ফটিকছড়িতে তাসনুভা আকতার (১৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জুন) রাত ৮টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের সাহাব উদ্দীনের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, ওই এলাকার মো. শফিউল আলমের ছেলে সাহাব উদ্দীনের সাথে ৬ মাস আগে পাশ্ববর্তী ইউনিয়ন সুন্দরপুরের ৩ নং ওয়ার্ডের মো. ওয়াসিমের একমাত্র মেয়ে নিহত তাসনুভা আকতার চাঁদনীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ লেগে থাকে বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা।
ঘটনার পর পর নিহতের স্বামী সাহাব উদ্দীনসহ পরিবারের অন্যান্য সদস্যরা পালিয়ে যান।
নিহতের নানা মো. আরিফুর রহমান অভিযোগ বলেন, ‘আমার নাতনীকে মাত্র ছয় মাস আগে বিয়ে দিয়েছি। তার স্বামী একজন মাদকসেবী। মাদক সেবন করে বিভিন্ন সময় আমার নাতনীকে মারধর করে। এ নিয়ে দুই পরিবারে কয়েক দফা বৈঠকও হয়েছে। যৌতুকের জন্য পরিকল্পিতভাবে তাকে হত্যা করে ফাসির দঁড়িতে ঝুলিয়ে দিয়েছে। আমি এ হত্যার বিচার চাই।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিক উল্লাহ জানান, ঝুলন্ত অবস্থা থেকে লাশ উদ্ধার করা হয়েছে। অভিযোগ স্বাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।