সিরাজগঞ্জের রায়গঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার পর এক রাজমিস্ত্রি আত্মহত্যার চেষ্টা করেছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার নলকা ইউনিয়নের এরান্দহ গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান সলঙ্গা থানার ওসি হুমায়ুন কবির। নিহত রোজিনা খাতুন (২৪) এরান্দহ গ্রামের আব্দুল আজিজের মেয়ে। আহত মোতালেব হোসেন (৪৫) ব্রাক্ষণবাগ গ্রামের মোকছেদ আলীর ছেলে।
খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ নিহত রোজিনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। অপরদিকে আহত মোতালেবকে পরিবারের লোকজন উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া হাসপাতালে ভর্তি করেছে।
নিহত রোজিনার চাচাতো ভাই জাহিদ হাসান বলেন, পারিবারিক কলহের জের ধরে মোতালেব ও রোজিনার মধ্যে কথা কাটাকাটি হয়। গত রাতে তারা নিজেদের কক্ষেই একসঙ্গে ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটার দিকে শব্দ পেয়ে পাশের ঘর থেকে রোজিনার ভাতিজা বায়জিদ জানালা দিয়ে তাকিয়ে দেখেন রোজিনার ৮ মাসের সন্তান কান্নাকাটি করছে। এ সময় তার ফুফুর গলাকাটা রক্তাক্ত লাশ বিছানার ওপর পড়ে আছে। পাশে তার ফুফা আহত অবস্থায় কাতরাচ্ছে। তা দেখে সে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে মোতালেবের ঘরের দরজা খুলে রোজিনাকে গলাকাটা রক্তাক্ত মৃত অবস্থায় দেখতে পায়। এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, প্রাথমিক ধারণা পারিবারিক কলহের জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে।