মেসিদের ম্যাচ দিয়ে শুরু

নতুন আঙ্গিকে ফিফা ক্লাব বিশ্বকাপ শুরু হচ্ছে আজ থেকে। যুক্তরাষ্ট্রে হতে যাওয়া ৩২ দলের ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে হার্ড রক স্টেডিয়ামে লিওনেল মেসির  ইন্টার মায়ামির মুখোমুখি হবে আফ্রিকান জায়ান্ট আল আহলি। বাংলাদেশ সময় রবিবার সকালে শুরু হবে এই ম্যাচ। মায়ামি এ টুর্নামেন্টে সুযোগ পায় স্বাগতিক দেশের ক্লাব হিসেবে আর আল আহলি আফ্রিকা অঞ্চলের অন্যতম সেরা ক্লাব। রেকর্ড ১২ বার আফ্রিকা অঞ্চলের চ্যাম্পিয়নস লিগ জিতেছে ক্লাবটি। মিসরের ফুটবল লিগ জিতেছে ৪৫ বার। গেল চার বছরের পারফরম্যান্সের ভিত্তিতেই এবার ক্লাব বিশ্বকাপে সুযোগ পেয়েছে মিসরীয় ক্লাবটি।

মায়ামি ও আল আহলি এবারই প্রথম মুখোমুখি হচ্ছে। মেসি, লুইস সুয়ারেজের মতো ফুটবলারদের নিয়ে গড়া মায়ামির সামনে সুযোগ ক্লাব বিশ্বকাপে ভালো খেলে বিশ্ব ফুটবলে নিজেদের শক্তির জানান দেওয়া। স্বাগতিক দেশের ক্লাব হিসেবে মায়ামির নাম ঘোষণায় সমালোচনা হয়েছিল। মেসিরা জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে সেই সমালোচনার জবাব দিতে পারে কি না সেটিই দেখার।

ক্লাব বিশ্বকাপে প্রথমবার খেলছে মায়ামি, তবে আল আহলি নতুন নয়। আগের ফরম্যাটের ক্লাব বিশ্বকাপের ১০ আসরে খেলেছে আহলি। মায়ামির তারকা খেলোয়াড়দের সম্পর্কে ভালোই জানেন ফুটবলপ্রেমীরা। আল আহলির ইমাম আশহুরের দিকে থাকবে নজর। এবার মিসরের ফুটবল লিগে ইমাম করেছেন ১৩ গোল, অ্যাসিস্ট ৭টি। এ ছাড়া আহলিতে আছেন ৩২ বছর বয়সী হুসেইন এল সাহাত। মিডফিল্ডার হুসেইন ক্লাব বিশ্বকাপে এর আগে ১৭টি ম্যাচ খেলেছেন, আল আইনের হয়ে খেলেন ৪ ম্যাচ, আল আহলির হয়ে ১৩টি। মেসি এ নিয়ে চতুর্থবার খেলবেন ক্লাব বিশ্বকাপে। আগের ফরম্যাটে তিনবার (২০০৯, ২০১১, ২০১৫) এ টুর্নামেন্টে খেলে জিতেছেন শিরোপা। সবগুলোই ছিল বার্সেলোনার হয়ে। ক্লাব বিশ্বকাপে এর আগে ৫ ম্যাচে ৫ গোল করেন মেসি। এবার ক্লাব বিশ্বকাপে সবচেয়ে বেশি ১৪২ জন ব্রাজিলের খেলোয়াড় আছেন। আর্জেন্টিনার আছে ১০৪ জন। এ তালিকায় তৃতীয় স্থানে স্পেন, ৫৪ জন স্প্যানিশ খেলোয়াড় আছেন। ক্লাব বিশ্বকাপ শুরুর দিন ফ্লুমিনেন্সের গোলকিপার ফাবিওর বয়স হবে ৪৪ বছর ২৫৭ দিন। এবারের টুর্নামেন্টে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় এই ব্রাজিলিয়ান। জাপানের উরাওয়া রেড ডায়মন্ডসের মিডফিল্ডার তাকেশি ওয়াদা গত সপ্তাহেই ১৬ বছরে পা দিয়েছেন। টুর্নামেন্টের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় ওয়াদাই।