পাকিস্তানের সাবেক অধিনায়ক তথা তারকা ব্যাটার বাবর আজমের ক্যারিয়ারে চরম দুঃসময় কাটছে। দীর্ঘদিন ধরে তিনি ফর্মে নেই। ব্যাটে রান নেই। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ দুটি টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ হয়নি। বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজেও তার সুযোগ পাওয়ার তেমন সম্ভাবনা নেই। তাহলে বাবরের ক্যারিয়ারের কী হবে?
বাবরের এই দুঃসময়ে তার পাশে দাঁড়িয়েছেন দেশটির কিংবদন্তি ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। বাবরের মতো ব্যাটসম্যানের ফর্ম হারিয়ে ফেলা তার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে না, ‘যখন একজন খেলোয়াড় দীর্ঘ এবং ধারাবাহিক ক্যারিয়ার কাটায়, তখন এ ধরণের সময় আসবেই। গত ১০ বছরে এই প্রথমবার বাবর এমন ফর্মহীনতায় ভূগছে। তার প্রতিভায় মানুষ এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে, তারা ভুলেই গেছে- গ্রেটদেরও ছুটি নিতে হয়।’
‘জিও সুপার’-এর সাথে আলাপচারিতায় নিজের ক্যারিয়ারের ঘটনা টেনে এনে বাবরকে ধৈর্য ধরার পরামর্শও দিয়েছেন ইনজামাম, ‘আমরা যখন ইমরান (খান) ভাইয়ের অধীনে খেলতাম, তিনি সবসময় ফর্মের সঙ্গে লড়তে থাকা ক্রিকেটারদের বলতেন মূল জায়গায় ফিরে যেতে। এই মুহূর্তে বাবরকে ঠিক এটাই করতে হবে। স্ট্রাইকরেটের চাপ না নিয়ে সে যদি নিজের স্বাভবিক খেলাটা ধরে রাখতে পারে, তাহলেই সে দ্রুত ফর্মে ফিরবে।’
বাবর আজম সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৪৩ গড়ে দুটি ফিফটিসহ ১২৯ রান করেছিলেন। তবে টি-টোয়েন্টি সিরিজ থেকে তিনি বাদ পড়েন। এরপর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির অধিনায়ক হিসেবে ১০ ম্যাচে ৩৬ গড় এবং ১২৮.৫৭ স্ট্রাইক-রেটে করেন ২৮৮ রান, যার মধ্যে তিনটি ফিফটি ছিল। এরপরও তিনি বাংলাদেশ সিরিজে সুযোগ পাননি।