জামালপুরে পংকির খোঁজে শহরজুড়ে পোস্টার-মাইকিং ও জিডি 

‘পংকি’র খোঁজে শহরজুড়ে সাঁটানো হয়েছে পোস্টার, করা হচ্ছে মাইকিং। পংকিকে পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পেইজ ও গ্রুপে ছবি-তথ্য শেয়ার করা হচ্ছে। জামালপুর শহরজুড়ে পোষা বিড়াল পংকিকে ফিরে পেতে এমন কাণ্ডকারখানাই দেখা গেছে। নিখোঁজের তিনদিনেও খোঁজ পাওয়া যায়নি পংকির। 

বুধবার (১১ জুন) রাতে পৌর শহরের ভোকেশনাল স্কুলের পাশে রাজীব বাস কাউন্টার থেকে কমলা রঙের পংকি (১) হারিয়ে যায়। পংকির সন্ধানদাতার জন্য পুরস্কারও ঘোষণা করেছেন মালিক আলেয়া আক্তার নীনা। পোষা বিড়াল পংকিকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন মালিক নীনা। পংকি জামালপুর পৌর শহরের নয়াপাড়া চার রাস্তার মোড়ে তার মালিক আলেয়া আক্তার নীনার সাথে বসবাস করতেন।  

বিড়ালের মালিক ও তার পরিবার জানায়, গত বুধবার (১১ জুন) রাত ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে পংকিকে সাথে নিয়ে বাড়ি থেকে বের হয়ে বাসের জন্য রাজীব কাউন্টারে যায়। বাসের জন্য কাউন্টারে বসে অপেক্ষা করছিলেন। রাত ১ টার দিকে হঠাৎ করে দেখি পংকি নেই। অনেক খোঁজাখুঁজি করেও পংকি আর পায়নি। পংকি হারিয়ে গেছে। 

এ ঘটনার পর শহরের দেয়ালজুড়ে সাঁটানো হয়েছে পোষা বিড়াল হারানোর পোস্টার, করা হচ্ছে মাইকিং। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিভিন্ন পেইজ ও গ্রুপে পোষা বিড়ালের ছবি এবং তথ্য শেয়ার করা হচ্ছে। এ নিয়ে শনিবার (১৩ জুন)  জামালপুর সদর থানায় একটি সাধারন ডায়েরি (জিডি) করেছেন পংকির মালিক নীনা।

এদিকে পোষা বিড়াল ফিরে পেতে পোস্টার সাঁটানো, মাইকিং করা, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পেইজ ও গ্রুপে ছবি এবং তথ্য শেয়ার মানুষের নজরে আসে। পোষা প্রাণীর প্রতি এমন ভালোবাসা ও খোঁজে পাওয়ার এ উদ্যোগ অনেকের নজর কেড়েছে।

এ বিষয়ে পোষা বিড়ালের মালিক আলেয়া আক্তার নীনা বলেন, ‘গত বুধবার রাতে আমাদের পোষা বিড়াল ‘পংকি’ বাস কাউন্টার থেকে হারিয়ে যায়। এটি আমাদের খুব আদরের ছিলো। হারিয়ে যাওয়ার পর থেকে দুঃচিন্তায় অসুস্থ হয়ে পড়েছি। পোস্টার, মাইকিং এবং থানায় জিডি করা হয়েছে। আমার প্রিয় পংকির সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে বলে তিনি জানান।

এ প্রসঙ্গে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সালেহীন আশেকীন বলেন, ‘এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’