ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫

৩২ এর সেরা ৩২

বিশ্বের সেরা ক্লাবগুলোকে নিয়ে ফুটবল বিশ্বের অন্যতম জমকালো প্রতিযোগিতা হিসেবে মাঠে গড়াতে যাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫।  এই টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৩২টি দল, একেবারে বিশ্বকাপ ধাঁচে হবে পুরো আয়োজন। ইউরোপ, দক্ষিণ আমেরিকা, এশিয়া, আফ্রিকা ও উত্তর আমেরিকার চ্যাম্পিয়ন দলগুলো এক মঞ্চে লড়বে বিশ্বসেরা ক্লাব হওয়ার লড়াইয়ে। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, আর্লিং হালান্ডের মতো বড় তারকাদের পাশাপাশি অসংখ্য তরুণ উদীয়মান প্রতিভারাও নজর কাড়বেন এই আসরে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে রোমাঞ্চ আর নাটকীয়তায় ঠাসা এই আসরটি তারকা ও সম্ভাবনার সংমিশ্রণে রঙিন হয়ে হতে চলেছে ২০২৫ সালের ক্লাব ফুটবলের মহোৎসবে।

গ্রুপ এ:
পালমেইরাসের ১৭ বছর বয়সী ব্রাজিলিয়ান উইঙ্গার এসতেভাও এরইমধ্যে বিশ্বের অন্যতম সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে নিজেকে জাহির করেছেন। চেলসির সঙ্গে তার মাল্টি-মিলিয়ন ডলারের চুক্তি চূড়ান্ত হলেও ক্লাবটি তাকে বিশ্বকাপের জন্য ধরে রেখেছে। ক্লাব বিশ্বকাপে নিজেকে আরেক স্তর উঁচুতে নিয়ে যেতে চাইবেন এ তরুণ। পোর্তো দলের গোলবার সামলাবেন দিয়োগো কস্তা। ২০২৪ ইউরোতে স্লোভেনিয়ার বিপক্ষে পেনাল্টি শুটআউটে এ পর্তুগীজের বীরত্বপূর্ণ নৈপুণ্যই তাকে নিয়ে গেছে খ্যাতির চূড়ায়। আল আহলির ফিলিস্তিনি স্ট্রাইকার ওয়েসাম আবু আলি বছর শুরুতেই ক্লাবে যোগ দিয়ে হয়েছেন শীর্ষ গোলদাতা। আর ইন্টার মায়ামির প্রাণভোমরা লিওনেল মেসি প্রস্তুত এই টুর্নামেন্টেও নিজের জাদু আরও একবার দেখাতে।

Group A

গ্রুপ বি:

পিএসজি লুইস এনরিকের অধীনে চ্যাম্পিয়নস লিগ জিতে জায়গা করে নিয়েছে। ওসমানে দেম্বেলেকে ঘিরে গড়া তাদের আক্রমণভাগ এখন বেশ ধারালো। মৌসুমে জেতা হয়ে গেছে চারটি শিরোপা, এবার চোখ পঞ্চমে। ম্যানসিটি চেড়ে আতলেতিকো মাদ্রিদে গিয়ে চমৎকার মৌসুম কাটানো জুলিয়ান আলভারেজ ক্লাব বিশ্বকাপ খেলতে নামবেন একটি শিরোপার খোঁজে। বোটাফোগোর ইগর জেসুস ব্রাজিলে ফিরে দুর্দান্ত ফর্মে আছেন। ক্লাব বিশ্বকাপ শেষে চলে যাবেন নটিংহ্যাম ফরেস্টে। তার আগে বর্তমান ক্লাবের জন্য উজাড় করে দেবেন নিজেকে। সিয়াটল সাউন্ডার্সের মূল ভরসা স্থানীয় ফরোয়ার্ড জর্ডান মরিস। মেজর লিগ সকারের শীর্ষ গোলদাতাদের একজন মরিস দেশটির ফুটবল ভক্তদের জন্য এক অনুপ্রেরণার নাম।

Group B

গ্রুপ সি:
বায়ার্ন মিউনিখের জন্য গোল করার দায়িত্ব কাঁধে নিয়ে ইংলিশ দলপতি হ্যারি কেইন প্রথম মৌসুমেই গড়েছেন গোলের রেকর্ড। বুন্দেসলিগা জিতে শিরোপার স্বাদ যখন পেয়েই গেছেন, তাকে আর আটকাবে কে! আসরের একমাত্র অপেশাদার দল হিসেবে অকল্যান্ড সিটির পুরো ভরসা কিউই ফরোয়ার্ড মায়ার বেভানের ওপরেই। বোকা জুনিয়র্স দলে রয়েছেন ৩৮ বছর বয়সেও অভিজ্ঞতার ধার ও ভার সমৃদ্ধ উরুগুয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি। বেনফিকার মাঝমাঠের সৃজনশীলতা আসবে ওরকুন ককচুর কাছ থেকে। এ তুর্কি মিডফিল্ডার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও পর্তুগীজ লিগে এরই মধ্যে প্রমাণ করেছেন নিজের সামর্থ্য।

Group C

গ্রুপ ডি:
ফ্ল্যামেঙ্গোর আক্রমণভাগে জোরদার হয়েছে জর্জিনহোর যোগদানে। আর্সেনাল ছেড়ে ২০২৮ সাল পর্যন্ত ব্রাজিলিয়ান ক্লাবটিকেই নিজের বর্তমান করেছেন এ ফরোয়ার্ড। এস্পেরাঁস তুনিস-এ থাকছেন সৃজনশীল ব্রাজিলিয়ান ইয়ান সাসে।
চেলসিতে প্রথম মৌসুমেই ২২ গোল ও ১৭ অ্যাসিস্ট করা কোল পালমার পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে ‘সেরা উদীয়মান খেলোয়াড়’ তকমা। ফ্রান্সের বিশ্বকাপজয়ী গোলরক্ষক হুগো লরিস এখন নেতৃত্ব দিচ্ছেন লস অ্যাঞ্জেলেস এফসিকে।

Group D

গ্রুপ ই:
রিভার প্লেটের ১৭ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড ফ্র্যাংকো মাসতানতুয়ানোকে টেনে নিয়েছে রিয়াল মাদ্রিদের মতো বিশ্বসেরা ক্লাব। গ্যালাকটিকোসদের একজন হওয়ার আগে নিজের দেশের ক্লাবটির হয়ে দ্যুতি ছড়িয়ে যাবেন আর্জেন্টিনার হয়ে সবচেয়ে কম বয়সে অভিষেক হওয়া এ উদীয়মান। নিজের অভিজ্ঞতা ও যোগ্যতা দিয়ে জাপানের ক্লাব উরাওয়া রেড ডায়মন্ডসকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ গোলরক্ষক শুসাকু নিশিকাওয়া। মন্টেরেতে রয়েছেন বর্তমানে স্পেনের সবচেয়ে অভিজ্ঞ ফুটবলারদের একজন সার্জিও রামোস। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে হারার ক্ষতে প্রলেপ লাগাতে মৌসুমে কোনো শিরোপা না জেতা ইন্তার মিলান লাউতারো মার্তিনেজে ভর করে পাখির চোখ করবে ক্লাব বিশ্বকাপকে।

Group E

গ্রুপ এফ:
কঠিন এ গ্রুপটিতে ফ্লুমিনেন্স দলের হাল ধরার জন্য আছেন ব্রাজিলের অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভা। বরুশিয়া ডর্টমুন্ড নির্ভর করবে বর্তমান সময়ে তাদের হয়ে ইউরোপের অন্যতম ধারাবাহিক গোলদাতা স্ট্রাইকার সেরহু গিরাসির ওপর। উলসান এইচডির আশা হয়ে আছেন গোলবার সামলানোর দায়িত্বে থাকা জো হিয়নউ। মামেলোডি সানডাউনসের ভরসা দক্ষিণ আফ্রিকার লিগে একাধিক শিরোপা জেতা অধিনায়ক থেম্বা জোয়ান।

Group F

গ্রুপ জি:
ক্লাব বিশ্বকাপে ম্যানচেস্টার সিটি মূল অস্ত্র যেমন গোলমেশিন আর্লিং হালান্ড তেমনি উইদাদ এসির আক্রমণের প্রধান অস্ত্র মরক্কোর ফরোয়ার্ড মোহামেদ রায়হি। আল আইন এফসির শক্তি হয়ে আছেন এশিয়ান চ্যাম্পিয়নস লিগের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা সুফিয়ান রাহিমি। জুভেন্তাসের তরুণ উদীয়মান কেনান ইলদিজ ক্লাবটির ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি পরে মাঠে নামবেন দলের সাফল্যের খোঁজে।

Group G

গ্রুপ এইচ:
ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে ঘিরেই ক্লাব বিশ্বকাপ জয়ের ছক কষবেন রিয়াল মাদ্রিদের নতুন কোচ জাবি আলোনসো। আল হিলালের অস্ত্র সার্বিয়ান ফরোয়ার্ড আলেকসান্দার মিতরোভিচ। ভেনেজুয়েলার সর্বোচ্চ গোল স্কোরার অভিজ্ঞ সলোমন রন্ডনই তার অভিজ্ঞতার ঝুলি দিয়ে সামলাবেন পাচুকার নেতৃত্বভার। আর এফসি সলজবুর্গে সব নজর থাকবে ইসরায়েলি তরুণ অস্কার গ্লউখের ওপর।

Group H