উপদেষ্টাদের গাড়িবহর ঘিরে বিক্ষোভ, যুবদল নেতা বহিষ্কার

সিলেটের গোয়াইনঘাটে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের যাত্রাপথে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে উপজেলা যুবদলের এক নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

ঘটনাটি ঘটে গতকাল শনিবার সকালে, জাফলং থেকে ফেরার পথে বল্লাঘাট এলাকায়। সেখানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে বহনকারী গাড়িবহর ঘিরে বিক্ষোভ করেন পাথর ব্যবসায়ী ও শ্রমিকেরা। তাঁদের সঙ্গে দেখা যায় বিএনপির কয়েকটি সহযোগী সংগঠনের স্থানীয় নেতাদেরও।

এ ঘটনায় যুবদলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়। আজ রবিবার সকালে সিলেট জেলা যুবদলের সভাপতি মোমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “বিক্ষোভে জড়িত থাকার কারণে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী জাহিদ খানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।”

বিষয়টি নিয়ে কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের সুস্পষ্ট অভিযোগে জাহিদের প্রাথমিক সদস্যপদ বাতিলসহ তাঁকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতার ব্যক্তিগত কার্যকলাপের দায় দল নেবে না এবং যুবদলের নেতাকর্মীদের তাঁর সঙ্গে সব ধরনের সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয়েছে।

এদিকে ঘটনার সময় ধারণ করা ভিডিও ও ছবিতে আরও কয়েকজন ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের নেতাকে বিক্ষোভে অংশ নিতে দেখা যায়। তাঁদের মধ্যে রয়েছেন পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজিজ উদ্দিন, সহসভাপতি সুমন শিকদার, জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক সোহেল আহমদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম এবং ধর্মবিষয়ক সম্পাদক রমজান মোল্লা।

সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানিয়েছেন, ছাত্রদলের কয়েকজন স্থানীয় নেতার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়েছে এবং তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে।

বিএনপির সিলেট জেলা সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, সরকারি কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট নেতাদের শনাক্ত করে শিগগিরই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া শুরু হবে।