গাজীপুরের শ্রীপুরে পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার রাতে এ কমিটি ঘোষণা করা হয়। পৌর বিএনপির জ্যেষ্ঠ নেতা হুমায়ুন কবীর সরকারকে আহ্বায়ক ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারীকে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করা হয়।
গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন ও সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকীর স্বাক্ষরিত এক চিঠিতে এ ৪১ সদস্য বিশিষ্ট কমিটি নিশ্চিত করা হয়েছে।
একই কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আনোয়ার হোসেন বেপারি ও অ্যাডভোকেট আহসান কবিরকে। এর আগে পৌর কমিটি ভেঙে দিয়ে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কমিটি বিলুপ্তির পর নতুন এ কমিটি নিয়ে নেতা কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। নেতাকর্মীদের দাবি- একটি স্বচ্ছ আর কর্মীবান্ধব কমিটি উপহার পেয়েছে পৌর বিএনপি। আগামীতে পৌর অঞ্চলে বিএনপির রাজনীতি আরও চাঙা হবে এ কমিটির নেতৃত্বে।
পৌর বিএনপির নতুন কমিটির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারি বলেন, আমার ওপর ভরসা করে সিনিয়র নেতৃবৃন্দ যে গুরু দায়িত্ব দিয়েছে তা নিরলসভাবে সৎ ও নিষ্ঠার সঙ্গে পালন করব। এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করি।