ধর্ষণে অন্তঃসত্ত্বা নারীকে গর্ভপাত করাতে গিয়ে মৃত্যু, অভিযুক্ত গ্রেপ্তার

জামালপুরে সদর উপজেলায় ধর্ষণের শিকার এক নারী চার মাসের অন্তঃসত্ত্বা হলে গর্ভপাত করার চেষ্টার সময় তীব্র রক্তক্ষরণে মৃত্যুর ঘটনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মো. জাহাঙ্গীর আলমকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.  নাজমুস সাকিব।

পুলিশ জানিয়েছেন, সদর উপজেলার ঝাউরাম গ্রামের  জাহাঙ্গীর আলম প্রবাসী মুগল মিয়ার স্ত্রী  বুলি বেগমকে (৩৫) বিভিন্ন সময় অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিয়ে আসছিলেন। এক পর্যায়ে ২০২৪ সালের ১৪ ডিসেম্বর রাত ১০টার দিকে বুলি বেগম তার বসত ঘরে থাকাবস্থায় জাহাঙ্গীর আলম কৌশলে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন। ধর্ষণের পর বুলি বেগম অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এ বিষয়টি জানাজানি হলে এ বছরের ১৯ মার্চ তাকে গর্ভপাত  করতে বাধ্য করে জাহাঙ্গীর । গর্ভপাত করার পরে অতিরিক্ত রক্তক্ষরণে শারীরিক অবস্থার অবনতি হয়। দীর্ঘ সময়  চিকিৎসার পর  গত ১৫ এপ্রিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যায়। 

এই ঘটনায় গত ১৮ এপ্রিল বুলির বাবা মো.আবু বকর দুদু বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাজমুস সাকিব বলেন, ‘এ ঘটনায় আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’