আসামির ছুরিকাঘাতে ২ পুলিশ সদস্য আহত

বগুড়ায় সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে আসামির ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। আজ রবিবার সকাল ১১টার দিকে বগুড়া সদরের ঝোপগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন বগুড়া সদর থানাধীন উপশহর পুলিশ ফাঁড়ির এটিএসআই জাহাঙ্গীর আলম ও কনস্টেবল মানিক।

বগুড়া সদরথানা ও উপশহর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, বগুড়া সদর উপজেলার ঝোপগাড়ি এলাকায় জি আর মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি মুরাদুন্নবী নিশানকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করতে যায়। এ সময় আসামি নিশান খালি গায়ে ছিল। তিনি পোশাক পরার ছলে পুলিশ সদস্য জাহাঙ্গীর আলম ও মানিকুজ্জামানকে ধারালো চাকু দিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান আহত পুলিশ সদস্যদের স্থানীয় লোকজন ও অন্যান্য পুলিশ সদস্যরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করে বলেন, বর্তমানে আহত দুজন পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে আসামি নিশানকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।