২,৩০০ কি.মি. দূর থেকে ইরানের মাশহাদ বিমানবন্দরে হামলা

ইরানের উত্তর-পূর্বে অবস্থিত মাশহাদ বিমানবন্দরে জ্বালানি ভরার বিমানে হামলা চালিয়েছে ইসরায়েল। প্রায় ২৩০০ কিলোমিটার দূর থেকে চালানো এ হামলা এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘ পাল্লার বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

রবিবার এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, ‘আইএএফ (ইসরায়েলি বিমান বাহিনী) ইরানের আকাশসীমার ওপর শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার জন্য অভিযান চালাচ্ছে। অভিযান শুরুর পর থেকে এটিই সবচেয়ে দীর্ঘ পাল্লার হামলা।’

মাশহাদ আন্তর্জাতিক বিমানবন্দরটি তুর্কমেনিস্তানের সঙ্গে ইরানের সীমান্ত থেকে প্রায় ৭০ মাইল দূরে অবস্থিত। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বিবৃতিতে জানিয়েছে, এটি ইসরায়েল থেকে প্রায় ১,৪৩০ মাইল (২,৩০০ কিলোমিটার) দূরে অবস্থিত।

এদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নিয়ন্ত্রিত সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে মাশহাদে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, বিমানবন্দরের কোনো ভবন বা রানওয়ের কোনো ক্ষতি হয়নি।