চাঁদা না দেওয়ায় ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছিত

পটুয়াখালীর দুমকিতে দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছিত করেছেন দুই বখাটে যুবক। জেলেদের বিশেষ বরাদ্দের ভিজিডি চাল বিতরণকালে এলাকার চিহ্নিত বখাটে হোসাইন ও হৃদয় নামে দুই যুবক চেয়ারম্যানকে পাশে ডেকে নিয়ে এলোপাথারি চড়-থাপ্পর, কিল ঘুষি মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

রবিবার (১৫ জুন) দুপুরে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের নলদোয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ৫ নম্বর ওয়ার্ডের সুবিধাভুগী জেলেদের চাল বিতরণকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান অ্যাড. গাজী নজরুল ইসলাম উপস্থিত থেকে ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের সুবিধাভোগী জেলেদের মাঝে চাল বিতরণ করছিলেন। এ সময় এলাকার চিহ্নিত বখাটে হোসাইন ও হৃদয়নামের দুই যুবক এসে চেয়ারম্যানকে পাশে ডেকে নিয়ে তার ওপর চড়াও হন। কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত বখাটেদ্বয় তাকে (চেয়ারম্যান) এলোপাথারি চড়-থাপ্পর, কিল-ঘুষি মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনার আকস্মিকতায় উপস্থিত সবাই হতভম্ব হয়ে পড়েন।

ইউপি চেয়ারম্যান অ্যাড. গাজী নজরুল ইসলামের অভিযোগ, বেশ কিছুদিন যাবত অভিযুক্ত বখাটেচক্র তার কাছে চাঁদা দাবি করে আসছিল। ঘটনার দিন জেলেদের চাল বিতরণ করতে গেলে হোসাইন ও হৃদয় নামের দুই যুবক এসে টাকা দাবি কবে এবং টাকা দিতে না চাইলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। উপস্থিত লোকজন ক্ষিপ্ত হলে অভিযুক্তরা দ্রুত সটকে পরে।

অভিযুক্ত হোসাইনের দাবি, পাওনা টাকা চাইতে গেলে চেয়াম্যান চটে গিয়ে ভয়ভীতি দেখালে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। তবে চাঁদা দাবির অভিযোগ সঠিক নয়, ভিত্তিহীন।

তিনি আরও জানান, চেয়ারম্যান গাজী নজরুল সম্পর্কে তার মামা। প্রায় দেড় বছর আগে ৪টি টিউবওয়েল দেওয়ার কথা বলে তার আত্মীয় স্বজনের কাছ থেকে বেশ কিছু টাকা নেন। একবছরেও টিউবওয়েল দিতে না পারায় টাকা ফেরত চাইলে দেই, দিচ্ছি বলে ঘুরাতে থাকেন। সেই পাওনা টাকা চাইতে গেলেই বিপত্তির সূত্রপাত।

এ ব্যপারে দুমকি থানা অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, বিষয়টি আমি অবহিত নই এবং এখন পর্যন্ত কোনও অভিযোগ পাই নাই।