জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ আটক ২ 

জয়পুরহাটে মূল্যবান কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। গ্রেপ্তারকৃতরা হলেন জয়পুরহাট সদর থানাধীন কল্যাণপুর এলাকার মৃত সৈয়দ আলী মন্ডলের ছেলে বাবুল হোসেন ও পাঁচবিবি থানাধীন দানেশপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে মোরসালিন সরকার।

গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি অভিযানিক দল পাঁচবিবির দানেশপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের নিকট হতে অভিনব কায়দায় প্লাস্টিকের বস্তার ভিতরে লুকিয়ে রাখা মূল্যবান কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করেছে।

আজ সোমবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব কর্তৃপক্ষ জানান, গ্রেপ্তারকৃতরা কষ্টিপাথর মূর্তি পাচারকারী। তারা দেশের বিভিন্ন এলাকা থেকে এসব অবৈধভাবে সংগ্রহ করে সীমান্তবর্তী এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে পাচার করতেন।

এ সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় তাদের হস্তান্তর করা হয়েছে, বলেন তিনি।