২০২৫ সালের নারী ওয়ানডে বিশ্বকাপ ৩০ সেপ্টেম্বর ভারতের বেঙ্গালুরুতে শুরু হতে যাচ্ছে। তবে, পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী পাকিস্তানের সব ম্যাচ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে রাখা হয়েছে। বহুল প্রত্যাশিত ভারত-পাকিস্তান ম্যাচটি ৫ অক্টোবর সেই স্টেডিয়ামে হবে।
বেঙ্গালুরুতে টুর্নামেন্টের উদ্বোধন ম্যাচে স্বাগতিক ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হবে। বাংলাদেশ তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে ২ অক্টোবর কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে। এরপর ২৬ অক্টোবর বেঙ্গালুরুতে তারা ভারতের মুখোমুখি হবে। এছাড়া বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে এবং ২০ অক্টোবর কলম্বোতে স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে খেলবে।
বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে ১ অক্টোবর ইন্দোরে নিউজিল্যান্ডের বিপক্ষে। টুর্নামেন্টের আনুষ্ঠানিক আয়োজক হওয়া সত্ত্বেও চলমান কূটনৈতিক উত্তেজনার কারণে ভারত একটি হাইব্রিড মডেলে টুর্নামেন্টটি পরিচালনা করবে। এর অর্থ হলো, পাকিস্তানের ম্যাচগুলো সম্পূর্ণরূপে শ্রীলঙ্কায় খেলা হবে। লিগ পর্বে ২৮টি ম্যাচ হবে এবং এরপর তিনটি নকআউট ম্যাচ হবে। খেলাগুলো বেঙ্গালুরু, ইন্দোর, গৌহাটি, বিশাখাপত্তনম এবং কলম্বোএই পাঁচটি ভেন্যুতে আয়োজন করা হবে। ২০২৫ সালের আসরটি ২০২২ সালের ফরম্যাটেই হবে, যেখানে আটটি দল রাউন্ড-রবিন পদ্ধতিতে একে অন্যের সঙ্গে একবার করে খেলবে। শীর্ষ চারটি দল সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করবে।