ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবসহ ইসরায়েলজুড়ে সাইরেন

ইরান থেকে ইসরায়েলের ওপর ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র হামলার কারণে তেল আবিব, মধ্য ইসরায়েল, আশদোদ, আশকেলন, হাইফা ও উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো মোকাবিলায় কাজ করে যাচ্ছে।

আইডিএফ-এর হোম ফ্রন্ট কমান্ড এ অঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে আশ্রয়কেন্দ্রে থাকার পরামর্শ দিয়েছে এবং নতুন নির্দেশনা না দেয়া পর্যন্ত সেখানে থাকার আবেদন জানিয়েছে।

উত্তরাঞ্চলের হাইফা, সিজারিয়া ও আশপাশের এলাকায় সাইরেন বেজে ওঠার পর সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র মোকাবিলায় তৎপর রয়েছে। সাধারণ মানুষকে আশ্রয়কেন্দ্রে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

পরে হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, এখন পর্যন্ত কোনো বিস্ফোরণ বা হতাহতের খবর পাওয়া যায়নি, তাই বাসিন্দারা আশ্রয়কেন্দ্র থেকে বের হতে পারেন। তবে সবাইকে সতর্ক থাকতে এবং সেনাবাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান মাগেন ডেভিড আদম জানিয়েছে, সাম্প্রতিক হামলায় কোনো হতাহত বা ব্যাপক ক্ষয়ক্ষতির খবর তাদের কাছে এখনও পৌঁছায়নি। যদিও ইরান রাতভর একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়েছে, কিন্তু গত কয়েক রাতের তুলনায় এবার ক্ষেপণাস্ত্রের সংখ্যা অনেক কম ছিল।

এর আগে গত রাতে পেতাহ তিকভা, হাইফা ও বনে ব্রাক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮ জন নিহত হন। তার আগের দিন বত ইয়াম এলাকায় নয়জন এবং তামরা শহরে চারজন নিহত হওয়ার ঘটনা ঘটে।

বিগত ঘটনাগুলোর মধ্যেও আইডিএফ সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতির সঙ্গে প্রতিরক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে।