চট্টগ্রামের একটি গেস্টহাউসে সাংবাদিক পরিচয়ে ক্যামেরা নিয়ে তল্লাশি চালিয়ে ভাইরাল হওয়া সেই হান্নান রহিম তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ জুন) রাত ১১টার দিকে কোতোতালি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হান্নান চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের বাসিন্দা।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, গেস্টহাউসে ক্যামেরা নিয়ে সাংবাদিক পরিচয়ে তল্লাশি চালানো হান্নান রহিম তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে গেস্টহাউস কর্তৃপক্ষের করা চাঁদাবাজির মামলায় মঙ্গলবার (১৭ জুন) আদালতে হাজির করা হবে।
সাংবাদিক পরিচয়ে গেস্ট হাউসের কক্ষে কক্ষে তল্লাশি একটি ভিডিও গত রবিবার ফেসবুকে ভাইরাল হলে সমালোচনার ঝড় উঠে। এরপর হান্নানকে আইনের আওতায় আনার দাবি ওঠে চট্টগ্রামের সাংবাদিক সমাজ থেকে। চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃপক্ষও তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়। অনেকে প্রশ্ন তুলেন, সাংবাদিক পরিচয়ে হান্নান এভাবে কক্ষে কক্ষে গিয়ে তল্লাশি চালাতে পারেন কি না কেউ? পুলিশ বলছে, এই ধরনের অভিযান চালানোর এখতিয়ার সাংবাদিকের নেই। তারা আইনগত ব্যবস্থা নেবে।
হান্নান রহিম তালুকদার নিজের ফেসবুক আইডিতে পরিচয় দিয়েছেন দৈনিক চট্টগ্রাম সংবাদ–এর সম্পাদক ও সিএসটিভি২৪–এর চেয়ারম্যান। তবে দৈনিক চট্টগ্রাম সংবাদ ও সিএসটিভি২৪–এর নিবন্ধন আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
ফেসবুকের দেওয়া বিভিন্ন ছবি-ব্যানারে নিজেকে চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য বলেও উল্লেখ করেছেন তিনি। জানা গেছে, হান্নান চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য নন। তার ফেসবুকে বিভিন্ন সময় নগর ও জেলার বিএনপির নেতাদের সঙ্গে ছবি, ভিডিও আপলোড করেছেন তিনি। হান্নান নিজেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সদস্যসচিব পদপ্রার্থী বলেও উল্লেখ করে পোস্টার ও ছবি পোস্ট করেছেন।
হান্নান রহিম তালুকদারের আপলোড করা ভিডিওতে দেখা যায়, সাংবাদিক পরিচয় দিয়ে নগরের বহদ্দারহাটে একটি গেস্টহাউসের প্রধান ফটকের দরজা খোলা হয়। গেস্টহাউসের অভ্যর্থনাকক্ষে গিয়ে অতিথি কারা কারা আছেন, জানতে চান ওই ব্যক্তি। একপর্যায়ে ক্যামেরা নিয়ে বিভিন্ন কক্ষে গিয়ে সেখানে থাকা অতিথিদের বের করে আনা হয়। তাদের কাছে পরিচয় জানতে চাওয়া হয়। কেন, কার সঙ্গে এসেছেন—এসব প্রশ্নও করা হয়।