রোনালদোর বার্তা ‘এক দল হয়ে শান্তির জন্য খেলছি', ট্রাম্প বললেন 'দারুণ!

বিশ্বজুড়ে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনার মধ্যে শান্তির অনুরোধ জানিয়ে চমকপ্রদ উপহার পেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফুটবল কিংবদন্তী ক্রিশ্চিয়ানো রোনালদো তাঁকে উপহার হিসেবে পাঠিয়েছেন নিজের স্বাক্ষরিত পর্তুগাল জাতীয় দলের একটি জার্সি, যার পেছনে লেখা এক হৃদয়ছোঁয়া বার্তা—

“To President @realdonaldtrump. Playing for peace. As a team.”(প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। আমরা শান্তির জন্য খেলছি। এক দল হিসেবে।)

ঘটনাটি ঘটেছে কানাডার কানানাস্কিসে অনুষ্ঠিত জি৭ সম্মেলনে। ট্রাম্প সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গে আলোচনায় অংশ নিতে। সাংবাদিকদের সামনে জার্সিটি প্রদর্শন করেন তিনি, যেখানে স্পষ্ট দেখা যায় পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদোর স্বাক্ষর ও শান্তির বার্তাটি।

ট্রাম্প হেসে বলেন, 'ওহ, এটা ভালো লেগেছে আমার। শান্তির জন্য খেলছি।” এরপর হাতে জার্সিটি তুলে দেখিয়ে বলেন, “দারুণ!”

রোনালদো এর আগেও গাজা যুদ্ধসহ নানা বৈশ্বিক ইস্যুতে শান্তির পক্ষে নিজের অবস্থান প্রকাশ করেছেন। ধারণা করা হচ্ছে, তাঁর এই উপহার ও বার্তা সরাসরি বর্তমান ইসরায়েল-ইরান সংঘাত এবং ফিলিস্তিন সংকটকে কেন্দ্র করেই।