খুলনায় আ. লীগ নেতা সাইফুলের অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক

খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলামের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

সোমবার (১৬ জুন) দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা রকিবুল ইসলাম সরকারি অর্থ আত্মসাৎ, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য চেয়ে চিঠি দিয়েছেন। 

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক রকিবুল ইসলাম জানান, অ্যাডভোকেট সাইফুল ইসলামের অবৈধ সম্পদের তথ্য চেয়ে যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর, খুলনা ক্লাবের প্রেসিডেন্ট, খুলনা বিভাগীয় নৌ-পরিবহন মালিক গ্রুপের প্রশাসক, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি দেওয়া হয়েছে। ঐ চিঠিতে সাইফুল ইসলামের মালিকাধীন মেসার্স আমিন সামিন শিপিং লাইন্স, কনস্ট্রাকশন, ট্রেডিং, মেসার্স এস. এ বিল্ডার্স লিমিটেড, মেসার্স নয়ন এন্টারপ্রাইজ, মেসার্স ইয়াহিয়া কনস্ট্রাকশন, ইউনিক আইস অ্যান্ড ফুডস লিমিটেড এবং মেসার্স মুনমুন ট্রেড ইন্টারন্যাশনালসহ ৮টি কোম্পানির তথ্য চাওয়া হয়েছে।