চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ১০জন

আপডেট : ১৭ জুন ২০২৫, ০৫:৩৯ পিএম

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানায়। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৮ জন। সোমবার করোনা আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন। 

বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১০ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮০টি। নতুন আক্রান্তদের মধ্যে ১০ জনই নগরের বিভিন্ন এলাকার বাসিন্দা।  

মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামের ৮টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২২টি, মা ও শিশু জেনারেল হাসপাতাল ল্যাব ও মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ২৪টি করে, এপিক হেলথ কেয়ার ল্যাবে ৩৬টি, পার্কভিউ হাসপাতালে ২৬টি, মেট্রোপলিটন হাসপাতালে ১৭টি, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৫টি এবং এভারকেয়ার হাসপাতাল ল্যাবে ২৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ২ জন, পার্কভিউ হাসপাতালে ৩ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত