ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পরিণতি ইরাকের প্রয়াত স্বৈরশাসক সাদ্দাম হোসেনের মতো হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। মঙ্গলবার (১৭ জুন) তেল আবিবে ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
ইসরায়েল কাৎজ বলেন, ‘আমি ইরানের একনায়ককে (আয়াতুল্লাহ আলী খামেনি) যুদ্ধাপরাধ এবং ইসরায়েলি নাগরিকদের উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রাখার জন্য সতর্ক করছি।’
‘তার মনে রাখা উচিত ইরানের প্রতিবেশী একটি দেশের একজন স্বৈরশাসকের (সাদ্দাম হোসেন) পরিণতি কী ছিল, যিনি ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে এমন পথ বেছে নিয়েছিলেন,’ কাৎজ যোগ করেন।
এর আগে এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেছিলেন, খামেনিকে হত্যা করার সুযোগ ছিল ইসরায়েলিদের। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিকল্পনার বিরোধিতা করেন।
উল্লেখ্য, ১৯৭৯ থেকে ২০০৩ সালে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত ইরাকের প্রেসিডেন্ট ছিলেন সাদ্দাম হোসেন। তার শাসনামলে ১৯৯১ সালে প্রথম উপসাগরীয় যুদ্ধের সময় ইরাক ইসরায়েলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে।
পরে ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী ইরাক দখল সাদ্দামকে আটকের পর বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে।