দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা চত্তরের পুকুরের পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) দুপুর দেড়টার সময় পার্বতীপুরে উপজেলা চত্তরের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত দুই শিশু হচ্ছেন, পশ্চিম হুগলিপাড়া মহল্লার মোশারফ হোসেনের মেয়ে মোশফিকা আক্তার মিম (৯) ও আতাউর রহমানের মেয়ে আছিয়া মোবাস্বিরা (৮)। তারা দুজনেই আনোয়ারুল হিফজুল কোরআন এন্ড নুরানী মাদ্রাসার শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা যায়, মোশফিকা আক্তার মিম ও আছিয়া মোবাস্বিরা প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে মাদ্রাসায় যায়। দুপুর সাড়ে ১২টার দিকে মাদ্রাসা থেকে টিফিনের সময় বাড়ীতে এসে উপজেলা পরিষদ চত্তরে গোসল করতে যায়। অন্য শিশুরা বাসায় ফিরলেও মোশফিকা আক্তার মিম ও আছিয়া মোবাস্বিরা বাসায় যায়নি। এসময় পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খুঁজতে থাকেন। পরে পুকুরে খোঁজা-খুঁজি করে তাদের অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাদ্দাম হোসেন বলেন, এখন থেকে এই পুকুরে গোসল করা নিষিদ্ধ করা হলো। এলাকাবাসীর অনুরোধেই উত্তরের গেটটি খোলা হয়েছিল। মঙ্গলবার রাত থেকে উপজেলা পরিষদের গেট বন্ধ থাকবে।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, মাদ্রাসার দুই ছাত্রীর পুকুরের পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।